বাবরি মসজিদ কোনও জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যাঁরা এখনও স্বপ্ন দেখছেন, তাঁদের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না। মঙ্গলবার বারাবাঁকিতে একটি জনসভায় দাঁড়িয়ে এভাবেই হুংকার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন অযোধ্যা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে যোগী বলেন, “আমরা বলেছিলাম রাম লালার জন্য আমরা আসব। একই স্থানে রামমন্দির গড়ব। যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, তাতে কোনওদিনও পচন ধরবে না।” ভারতের ঐতিহ্য এবং সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি বলেন, “গেরুয়া পতাকা সর্বদা দেশকে গর্বিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরে গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন। এটি সনাতন ধর্মের প্রতীক।” যোগী আরও বলেন, “কিছু মানুষ কেবল সংকটের সময় ভগবান রামকে স্মরণ করেন। অন্য সময়ে ভুলে যান। ভগবান রামও এই ধরণের মানুষদের ভুলে গিয়েছেন। রামভক্তদের উপর যাঁরা গুলি চালিয়েছেন এবং রামের উদ্দেশ্যকে বাধা দিয়েছেন, তাঁদের কোনও স্থান নেই।”
যোগীর বক্তব্য, ভারত এবং সনাতন একে অপরের পরিপূরক। একে অপরকে আলাদা করা যায় না। তাঁর অভিযোগ, দেশ এবং সনাতন উভয়ই বর্তমানে আক্রমণের সম্মুখীন হচ্ছে। যোগীর দাবি, কিছু লোক ষড়যন্ত্র করছেন। বাকিরা তাঁদের জন্য ভুগছেন। শধু তা-ই নয়, কেউ কেউ তাঁদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিক্রি করে দিচ্ছেন। আইনশৃঙ্খলা নিয়েও এদিন কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, "মানুষকে নিয়ম মেনে চলতে শিখতে হবে। যাঁরা আইন মানবেন তাঁরা লাভবান হবেন। যাঁরা মানবেন না তাঁরা নরকের দিকে যাবেন।
