কোটায় রেস্তরাঁ ভেঙে পড়ে মৃত্যু পশ্চিমবঙ্গের এক বাসিন্দা-সহ ২ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ১৩ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। রেস্তরাঁর এক মালিক বাঙালি। তিনি কোচবিহারের বাসিন্দা।
মৃতদের নাম আরিয়ান (২০) ও লক্ষ্মণ (১৫)। আরিয়ান পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি কোটায় কোচিংয়ের জন্য গিয়েছিলেন বলে জানা গিয়েছে। শনিবার রাত আনুমানিক ৯টা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলার রোস্তরাঁটি। আটকে পড়েন বহু। তাঁদের অধিকাংশই পড়ুয়া। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে এসডিআরএফের দল। স্থানীয়দের সাহায্যে উদ্ধার কার্য শুরু করেন কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, এই তিনতলার ভবনের পিছনে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। ড্রিল মেশিন এনে কাজ করা হচ্ছিল। অনুমান, তাতে আবাসনের ক্ষতি হয়। তাতেই তিনতলা আবাসনটি ভেঙে পড়ে। জেলা কালেক্টর পীযূষ সামারিয়া জানিয়েছেন, তালওয়ান্দি এলাকার এই ভবনের ভেতরে একটি রেস্তোরাঁ চালু ছিল। ঘটনার সময় কিছু গ্রাহক ও ১২ থেকে ১৫ জন রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রাত ৯টা নাগাদ বিকট শব্দ শুনতে পারি। গিয়ে দেখি ভবনটি ধসে পড়েছে। ভেতর থেকে 'আমাকে বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার ভেসে আসছিল।
