shono
Advertisement
Shashi Tharoor

‘জাগতিক সীমা ছাড়িয়ে গিয়েছে’, মোদির প্রশংসা করায় থারুরকে খোঁচা কংগ্রেসের

শুক্রবার থারুর বলেন, “ট্রাম্পের সঙ্গে দেখা হতেই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। এই বার্তাটি দেওয়া জরুরি যে, যুদ্ধকালীন সময়ে বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকরা যেন লক্ষ্যবস্তু না হন। তাঁরা সৈনিক নন। এই বার্তাই দিয়েছেন মোদি।”
Published By: Subhodeep MullickPosted: 04:10 PM Jun 21, 2026Updated: 04:13 PM Jun 21, 2026

ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে সম্প্রতি জি৭ পার্শ্ববৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন কংগ্রেস সাংসদ শশী থারুর। এর জেরে এবার নিজের দলেরই কটাক্ষের শিকার হলেন তিনি। হাত শিবির জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রশংসা করতে করতে থারুর জাগতিক সীমা ছাড়িয়ে গিয়েছেন।

Advertisement

মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মোদিকে বারবার তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। তারা অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নীরব। কিন্তু জি৭ মঞ্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতেই ভারতীয় নাবিকদের মৃত্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে উষ্মা প্রকাশ করেন মোদি। এরপর শুক্রবার থারুর বলেন, “ট্রাম্পের সঙ্গে দেখা হতেই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। এই বার্তাটি দেওয়া জরুরি যে, যুদ্ধকালীন সময়ে বাণিজ্যিক জাহাজের নিরীহ নাবিকরা যেন লক্ষ্যবস্তু না হন। তাঁরা সৈনিক নন। এই বার্তাই দিয়েছেন মোদি।” থারুরের এহেন প্রশংসার পরই মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। খোঁচা দিয়ে তিনি বলেন, "আমার প্রবীণ সহকর্মী থারুরের প্রধানমন্ত্রীর প্রতি মুগ্ধতা যেন বাস্তব জগতের সীমানা ছাড়িয়ে গিয়েছে। মোদি যা মুখে বলেননি, থারুর তা শুনতে পাচ্ছেন।"

পবন আরও বলেন, "জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে বিদেশমন্ত্রকের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর কোনও উল্লেখ নেই।" তাঁর কথায়, "অপারেশন সিঁদুরের পর এটিই ছিল মোদি- ট্রাম্পের প্রথম বৈঠক। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির কৃতিত্ব বারবার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে মোদি কোনও উচ্চবাচ্য করেননি।" পবন যোগ করেন, "থারুর এমন সব জোরালো বক্তব্য, বলিষ্ঠ প্রতিবাদ এবং আপসহীন কূটনীতির কথা শুনতে পেলেন, যা কখনই সরকারি নথিতে স্থান পায়নি। মহামানব মোদি যত কম কথা বলেন, তাঁর ভক্তরা ততই বেশি শুনতে পান।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement