shono
Advertisement

দেশে করোনার অ্যাকটিভ কেস কমে দেড় লক্ষের কাছাকাছি, সামান্য কমল দৈনিক সংক্রমণ

দেশে টিকাকরণ প্রায় ৫০ লক্ষ মানুষের।
Posted: 10:08 AM Feb 05, 2021Updated: 10:08 AM Feb 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দৈনিক করোনা সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে যত দিন যাচ্ছে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত মিলছে। যার মূল কারণ সুস্থতার হার। বিশ্বের বহু দেশের তুলনায় দেশের সুস্থতার হার বেশি। যার ফলে দিনে ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও অ্যাকটিভ কেস কমতে কমতে প্রায় দেড় লক্ষে নেমে এসেছে। সেই সঙ্গে টিকাকরণেও নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে দেশ। সামান্য সময়েই দেশের মোট টিকাকরণের পরিমাণ পৌঁছে গিয়েছে প্রায় ৫০ লক্ষে। তবে, এখনও দৈনিক আক্রান্তের সংখ্যাটা কিছুটা হলেও চিন্তার কারণ বিশেষজ্ঞদের জন্য।

Advertisement

চলতি মাসের শুরু থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমবেশি ১২-১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। ব্যতিক্রম হল না শুক্রবারও। এদিন বৃহস্পতিবারের থেকে খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৪০৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ২ হাজার ৫৯১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৮২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২০ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি।

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি! বাজেটের পরই নতুন উচ্চতায় পেট্রল-ডিজেলের দাম]

গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৫১ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। অর্থাৎ গত কয়েকমাস ধরে অ্যাকটিভ কেস লাগাতার কমার যে ধারা শুরু হয়েছিল, তা অব্যাহত থাকল শুক্রবারও। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৫১ হাজার ৪৬০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৯৬ হাজার ৩০৮ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement