shono
Advertisement
DMK Leaves INDIA Bloc

INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে

কংগ্রেসের সঙ্গে ছাড়াছাড়ি আগেই হয়ে গিয়েছিল। এবার ইন্ডিয়া জোটের সঙ্গেও একপ্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলল এম কে স্ট্যালিনের ডিএমকে।
Published By: Subhajit MandalPosted: 11:54 AM Jun 05, 2026Updated: 04:05 PM Jun 05, 2026

কংগ্রেসের সঙ্গে ছাড়াছাড়ি আগেই হয়ে গিয়েছিল। এবার ইন্ডিয়া জোটের সঙ্গেও একপ্রকার সম্পর্ক ছিন্ন করে ফেলল এম কে স্ট্যালিনের ডিএমকে। আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে যোগ দেবে না তামিলনাড়ুর প্রধান বিরোধী দল। ডিএমকের সাফ কথা, যে বৈঠকে কংগ্রেস থাকবে, সেখানে তারা থাকবে না।

Advertisement

আসলে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমীকরণ বদলে গিয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল ১০৮টি আসন পেয়ে বৃহত্তম দল হিসাবে উঠে আসার পর ৫টি আসন পাওয়া কংগ্রেস, ডিএমকে-র হাত ছেড়ে বিজয়কে ‘শর্তসাপেক্ষে’ সমর্থন করার সিদ্ধান্ত নেয়। নির্বাচনের আগে জোটের সুবিধা নিয়ে জেতে কংগ্রেস। কিন্তু নির্বাচনের পরে পরিস্থিতি বুঝে তারা জোট ভেঙে বেরিয়ে যায়। ডিএমকে-র সঙ্গে কোনও আলোচনা পর্যন্ত করেনি হাত শিবির। তাতে স্ট্যালিনের দল এতটাই ক্ষুব্ধ যে কংগ্রেসকে এবার তাঁরা একপ্রকার অচ্যুতের তালিকায় ফেলে দিতে চাইছে।

ইতিমধ্যেই লোকসভায় কংগ্রেসের পাশে বসতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন ডিএমকের নেতারা। এই পরিস্থিতিতে আগামী ৮ জুনের বৈঠকে স্ট্যালিনের দলের কেউ থাকবেন কিনা সেটা নিয়ে জল্পনা ছিল। ডিএমকের স্পষ্ট অবস্থান, যেখানে টিভিকে বা কংগ্রেস আছে, সেখানে তারা থাকবেন না। যদিও তৃণমূলের তরফে স্ট্যালিনকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কংগ্রেসও বার্তা দিয়েছিল, কেরলে যেভাবে সিপিএম-কংগ্রেস মুখোমুখি লড়লেও দিল্লিতে বিজেপি বিরোধিতায় তারা একজোট, সেটা তামিলনাড়ুর ক্ষেত্রেও হতে পারে। কিন্তু তাতে লাভ হল না।

ডিএমকে জানিয়ে দিল, তারা আর ইন্ডিয়া জোটের অংশ নয়। যে বৈঠকে কংগ্রেস থাকবে, সেখানে তাঁদের পক্ষে থাকা সম্ভব নয়। স্ট্যালিনের এই অবস্থান ইন্ডিয়া জোটের জন্য বিরাট ধাক্কা। ভুলে গেলে চলবে না লোকসভায় ডিএমকের সাংসদ সংখ্যা ২২। রাজ্যসভাতেও বেশ কয়েকজন সাংসদ আছেন ডিএমকের। আসন পুনর্বিন্যাসের মতো আইন আটকাতে ডিএমকে ভীষণ গুরুত্বপূর্ণ। তারা জোট ছাড়ায় ইন্ডিয়া জোট যে দুর্বল হল, সেটা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement