নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দপ্তরের অদূরে একটি বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। কী কারণে বিস্ফোরকগুলি সেখানে রাখা ছিল, তা এখনও জানা যায়নি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আরএসএস সদর দপ্তরের পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ওই বাড়ি থেকে উদ্ধার হয় বিস্ফোরকগুলি। সূত্রের খবর, সেখান থেকে পাওয়া গিয়েছে ৫৮টি ডিটোনেটার এবং ১৫টি জিলেটিন স্টিক। এরপরই আতঙ্ক ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, ভাবন চকে অবস্থিত ওই বাড়িটির মালিকের নাম ডঃ উজ্জ্বল লানজেওর। কীভাবে এত পরিমাণ বিস্ফোরক সেখানে এল, তিনিও তা জানেন না। এদিন সকালে বাড়ির সামনের বাগানে তিনি ব্যাগটিকে পড়ে থাকতে দেখেন। তখনই তাঁর সন্দেহ হয়। খবর দেন পুলিশে। এরপর সেখানে পৌঁছয় বম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। পাশাপাশি, চলে চিরুণি তল্লাশি। কিন্তু কে বা কারা ব্যাগটিকে সেখানে রাখল, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি বড় কোনও ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল?
উল্লেখ্য, কয়েকদিন আগেই চণ্ডীগড়ে পাঞ্জাব বিজেপির সদর দপ্তর সামনে গ্রেনেড হামল চালাল দুই দুষ্কৃতী। হ্যান্ড গ্রেনেডটি ছুড়েই পালিয়ে যায় অভিযুক্তরা। এর ফলে ভয়াবহ বিস্ফোরণ হয়। যদিও খোলা জায়গায় ওই বিস্ফোরণ ঘটায় বড় বিপদ ঘটেনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নাগপুরে আরএসএস দপ্তরের সামনে উদ্ধার হল প্রচুর বিস্ফোরক।
