ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি (India-US Trade Deal) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে তখনই, যখন দুই দেশের মধ্যে নতুন শুল্ক কাঠামো চূড়ান্ত হবে। সোমবার জানাল মোদি সরকারের বাণিজ্য মন্ত্রক। এদিন মন্ত্রকের সচিব রাজেশ অগরওয়াল আরও জানান, এই মুহূ্র্তে বাণিজ্য চুক্তির চূড়ান্ত কাঠামো নিয়ে আলোচনা চলছে আমেরিকা ও ভারতের প্রতিনিধিদের মধ্যে।
রাজেশ বলেন, "আমরা এখন আমেরিকার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি।" যোগ করেন, "ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে তখনই, যখন নতুন শুল্ক কাঠামো চূড়ান্ত হবে।" সম্প্রতিক অতীতে ভারতের পণ্য রপ্তানি কমেছে। ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি ০.৮১ শতাংশ কমে ৩৬.৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মন্তব্য করল বাণিজ্য মন্ত্রক।
বাণিজ্য মন্ত্রকের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে আমদানি ২৪.১১ শতাংশ বেড়ে হয়েছে ৬৩.৭১ বিলিয়ন মার্কিন ডলার। এক বছর আগের রেকর্ড ৫১.৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকেও বেশি। ফলস্বরূপ ফেব্রুয়ারিতে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ২৭.১ বিলিয়ন মার্কিন ডলার। যদিও রাজেশ অগরওয়ালের দাবি করেন, মাসিক পতন সত্ত্বেও বিশ্বব্যাপী অনিশ্চয়তার মুখে ভারতের সার্বিক রপ্তানি বাণিজ্য স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, ২০২৬-'২৭ অর্থবর্ষে এপ্রিল-ফেব্রুয়ারিতে দেশের রপ্তানি ১.৮৪ শতাংশ বেড়ে ৪০২.৯৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। একই সময়ে আমদানি ৮.৫৩ শতাংশ বেড়ে ৭১৩.৫৩ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে। রাজেশের দাবি, এই সংখ্যতত্ত্ব শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি উচ্চতর অভ্যন্তরীণ সরবরাহের প্রতিফলন।
