পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ফের ইসলামাবাদকে তোপ দাগলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
একইসময়ে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে। দু’দেশের বৈসাদৃশ্য তুলে ধরে রাজনাথ বলেন, “পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে। ভারত যেখানে তথ্যপ্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত, সেখানে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসাবে।” তিনি আরও বলেন, “আমাদের সামরিক শক্তি প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় আমরা অভূতপূর্ব। আমাদের পরমাণু হামলার হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেই ফাঁদে পা দিইনি।” প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, “অপারেশন সিঁদুর চালাকালীন যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের আমরা শিক্ষা দিয়েছি। আমাদের ক্ষমতা কমে গিয়েছিল বলে আমরা এই অভিযানটি বন্ধ করিনি। আমরা স্বেচ্ছায় অভিযান বন্ধ করেছিলাম। প্রয়োজনে একটি দীর্ঘ যুদ্ধের জন্যও আমরা প্রস্তুত ছিলাম।”
রাজনাথ আরও বলেন, "অপারেশন সিঁদুরের প্রায় এক বছর হয়ে গিয়েছে। এটি নতুন বিশ্বব্যবস্থার প্রতীক। অভিযানটি একটি যুগান্তকারী মুহূর্ত ছিল।" তাঁর কথায়, "অপারেশন সিঁদুর একটি স্পষ্ট বার্তা ছিল - ভারত আর সন্ত্রাসী হামলার জবাবে শুধু কূটনৈতিক পথে হাঁটার মতো পুরনো পন্থা অনুসরণ করে না। কোনও অবস্থাতেই সন্ত্রাসী কার্যকলাপ ভারত বরদাস্ত করবে না। আমরা যোগ্য জবাব দিতে জানি।”
