ব্রিটিশ পাইলটদের যুদ্ধবিমান ওড়ানো শেখাবে ভারতের বায়ুসেনা। শীঘ্রই বায়ুসেনার তিন প্রশিক্ষককে পাঠানো হবে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সে। বৃহস্পতিবার দিল্লিতে ভারত এবং ব্রিটেনের বায়ুসেনা আধিকারিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়্যাল এয়ারফোর্সের অ্যাংলেসির ঘাঁটিতে ঘাঁটিতে পাইলটদের প্রশিক্ষণের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে পাইলটদের পাহাড় এবং সামুদ্রিক পরিবেশে যুদ্ধবিমান ওড়ানো শেখানো হয়। ভারতের প্রশিক্ষকেরা সেখানেই যাচ্ছেন। 'বিএই হক টি২' বা 'টেক্সান টি১' বিমানে ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, 'হক' যুদ্ধবিমানটিতে ভারতের পাইলটেরাও প্রশিক্ষণ নেন। রয়্যাল এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ ভাইস মার্শাল ইয়ান টাউনসেন্ড বলেন, "এই চুক্তি দু'দেশের বিমানবাহিনীর দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এতে যৌথ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।"
ভারত এবং ব্রিটেনের মধ্যে সামরিক বোঝাপড়া গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রিটেনের সেনাবাহিনীর তিন স্তরেই ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষকেরা কর্মরত রয়েছেন। ২০২৪ সালের মে মাস থেকে 'ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ'-এ প্রশিক্ষক হিসাবে কাজ করছেন ভারতীয় নৌবাহিনীর একজন। ব্রিটেনের স্থলবাহিনীতেও ভারতের এক প্রশিক্ষক রয়েছেন।
যৌথ মহড়ার ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে দু'দেশের মধ্যে। ২০২৫ সালে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মহড়া চালায় ভারত এবং ব্রিটেন। 'অজেয়া ওয়ারিয়র' নামে যৌথ সেনা মহড়া চলেছে রাজস্থানেও।
