shono
Advertisement

Breaking News

FIFA World Cup

ট্রাম্পের দেশে ভারতীয়র প্রবেশ নিষেধ! বিশ্বকাপের টিকিট দেখিয়েও ভিসা পেলেন না ফুটবলপ্রেমী

ওই ভারতীয় ব্যবসায়ী ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন। সেই টিকিটের ভিত্তিতেই ভিসার আবেদন করেন। মার্কিন প্রশাসন জানিয়েছে, তিনি আমেরিকায় প্রবেশের যোগ্য নন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:18 PM Feb 27, 2026Updated: 01:34 PM Feb 27, 2026

ডোনাল্ড ট্রাম্পের দেশে বিশ্বকাপ। কিন্তু মার্কিন মুলুকে গিয়ে ফুটবলভক্তরা আদৌ মেগা টুর্নামেন্ট দেখতে পাবেন? সেই প্রশ্নের মধ্যেই এক ভারতীয় ফুটবলপ্রেমীর ভিসা আবেদন বাতিল করল ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, ওই ভারতীয় ব্যবসায়ী ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছেন। সেই টিকিটের ভিত্তিতেই ভিসার আবেদন করেন। কিন্তু মার্কিন প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়, তিনি আমেরিকায় প্রবেশের যোগ্য নন।

Advertisement

সোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন ২৬ বছর বয়সি ওই ভারতীয় ব্যবসায়ী। তাঁর নিজস্ব সংস্থা রয়েছে। বার্ষিক ২৫ লক্ষ টাকা আয় তাঁর। বিশ্বকাপ দেখার জন্য তিনি এবং তাঁর স্ত্রী টিকিট কেটেছিলেন। তারপর বি১ অথবা বি২ ভিসার জন্য আবেদন করেন ওই যুবক। মার্কিন প্রশাসনের ইন্টারভিউতে তাঁর বার্ষিক আয় জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, অতীতে তিনি বিদেশ সফর করেছেন কিনা। কেন আমেরিকায় যেতে চান, সেই প্রশ্নও করা হয় যুবককে। বিশ্বকাপের টিকিট দেখিয়ে ওই যুবক জানান, তিনি খেলা দেখার জন্য আমেরিকায় যেতে চান।

বিশ্বকাপের টিকিট এবং ফিফার পাস থাকা সত্ত্বেও ওই যুবককে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। ২১৪বি স্লিপ ধরিয়ে দিয়ে ট্রাম্প প্রশাসনের কর্তা জানিয়ে দেন, এবারের মতো আমেরিকায় যেতে পারবেন না ওই যুবক। উল্লেখ্য, মার্কিন প্রশাসনের তরফে ২১৪বি স্লিপ দেওয়া বহুল প্রচলিত। এই স্লিপ দেওয়ার অর্থ, প্রশাসন মনে করছে ভিসার আবেদনকারী আর আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরতে চান না। সোশাল মিডিয়ায় ওই ব্যবসায়ীর পোস্ট ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, কেন বৈধ টিকিট থাকা সত্ত্বেও ভিসা দেওয়া হল না ওই ভারতীয় ব্যবসায়ীকে?

উল্লেখ্য, মাসখানেক আগে ৭৫ টি দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় অবশ্য ভারতের নাম নেই। যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছেন যে ফুটবলারদের জন্য তাঁর দেশের দরজা খোলা। কিন্তু ট্রাম্পের এই আশ্বাস কি বাস্তবে আদৌ কার্যকর হবে? সংশয় ছিল অনেকের মনেই। সেই দলেই ছিলেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। নিজের সোশাল মিডিয়ায় তিনি স্পষ্ট লেখেন, আমেরিকার বর্তমান পরিস্থিতি ফুটবলপ্রেমীদের পক্ষে মোটেও সুখকর নয়। সেই কথাই হাড়ে হাড়ে টের পেলেন ভারতীয় ব্যবসায়ী। বিপুল খরচ করে বিশ্বকাপের টিকিট কেটেও ভিসা পেলেন না তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement