মাত্র দশ মাস আগে সে পৃথিবীতে এসেছিল। কেরলের সেই শিশুর অঙ্গদানে নতুন জীবন পেল পাঁচ জন। যারা এই নবজীবন পেয়েছে তাদের মধ্যে আছে ৬ মাস বয়সি এক শিশু। কেরল তথা গোটা দেশে অঙ্গদানের নয়া নজির সৃষ্টি করল আলিন শেরিন আব্রাহাম। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সংবাদ। একসঙ্গে বেদনা ও আনন্দে হতবাক নেটপাড়া।
অঙ্গদানের যে কোনও ধরাবাঁধা বয়স নেই, সেই বার্তাই দিয়েছে কেরলের পাঠানমথিট্টার মল্লাপ্পালির বাসিন্দা ছোট্ট আলিন। গত ৫ ফেব্রুয়ারি মা এবং দাদুদের সঙ্গে কোট্টায়াম থেকে তিরুভাল্লা যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় দশ মাসের শিশু। আশঙ্কাজনক অবস্থায় মায়ের মতোই তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার তার 'ব্রেন ডেথ' হয়। তীব্র শোকের মধ্যেও আলিনের অঙ্গদান করার সিদ্ধান্ত নেন বাবা অরুণ আব্রাহাম এবং মা শেরিন আন জন। এরনাকুলামের হাসপাতালে তার যকৃৎ (লিভার), কিডনি, চোখের মণি, হার্টের ভাল্ভও দান করা হয়।
যকৃৎ পেয়েছে তিরুঅনন্তপুরমের কেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ৬ মাস বয়সি একটি শিশু। ওই হাসপাতালেরই একটি শিশুকে দেওয়া হচ্ছে আলিনের কিডনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় আলিনের মা-বাবাকে কুর্নিশ জানাচ্ছে নেটিজেনরা। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও। নেটিজেনরা বলছেন, আলিন মা-বাবা প্রমাণ করলেন শোকের চেয়েও বড় মানবিকতা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, আলিনকে রাষ্ট্রীয় সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
