বিজ্ঞান-প্রযুক্তিতে গোটা বিশ্বকে চমকে দিয়ে বিরাট কৃতিত্ব ভারতের। দিল্লির ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সূচনা হল এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন হল আজ। অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি একাধিক প্রদর্শনীর সাক্ষী হবেন এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ অংশগ্রহণকারীরা।
১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক সম্মেলন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এই সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের ৬৫টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা। জানা গিয়েছে, গুগল, ডিপমাইন্ড, অ্যানথ্রপিক, অ্যাডোবি, সেলসফোর্স, কোয়ালকম এবং ফেডেক্সের শীর্ষকর্তারাও এই সম্মেলনে যোগ দিতে চলেছেন।
আগামী দুনিয়া যে এআই নির্ভর হতে চলেছে তা বলা বাহুল্য। মনে করা হচ্ছে সেক্ষেত্রে ভারত এবং গোটা বিশ্বকে দিশা দেখাবে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। সামিট নিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদি লিখেছেন, 'এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সারা বিশ্ব থেকে মানুষ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের জন্য ভারতে আসছেন। এটি আমাদের দেশের যুবসমাজের কাছে এক অপার সম্ভাবনাকে মেলে ধরবে। এই উপলক্ষটি আরও প্রমাণ করে যে আমাদের দেশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে এবং বিশ্বব্যাপী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।' এদিনের সামিটের উদ্বোধনের পর একাধিক স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
