আমেরিকা-ইরান সংঘাতের আবহে বৃহস্পতিবার শুরু হয়েছে ব্রিকস গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দু'দিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেই সূত্রেই ভারতে পৌঁছেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। সূত্রের খবর, ইতিমধ্যে ব্রিকসের ফাঁকে রুশ ও ইরানি বিদেশমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মোদির সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
১৪ ও ১৫ মে নয়াদিল্লিতে বসেছে ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। এদিন রুশ ও ইরান ছাড়াও অন্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে সমবেতভাবে সৌজন্য সাক্ষাৎ করেন মোদি। প্রথম দিন সম্মেলনে নিজের ভাষণে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। তাঁর বক্তব্য, কীভাবে ইরানের উপর 'গুন্ডামি' চালিয়েছে আমেরিকা, তা গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছে। আরাঘাচি বলেন, "এই কক্ষে উপস্থিত প্রায় সকলের কাছেই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ কোনও অপরিচিত বিষয় নয়। আমাদের মধ্যে আরও অনেকেই একই ধরনের ঘৃণ্য জবরদস্তির সম্মুখীন হয়েছে।"
আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন আঘাচি। তিনি বলেন, "জোটবদ্ধ হয়ে পদক্ষেপ করার এটাই উপযুক্ত সময়, এইসব অন্য়ায় কাজ (মার্কিন আগ্রাসন) ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার যোগ্য।" উল্লেখ্য, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার গভীর রাতে দিল্লি পৌঁছান। বৃহস্পতিবার যেমন মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি, পাশাপাশি হরমুজ প্রণালী খোলা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
