আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। দল বদলের পুরস্কার স্বরূপ পেয়েছিলেন রাজ্যসভার গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদ। এহেন রাঘব শনিবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে একদিকে যখন শিরোমণি অকালি দলের সঙ্গে জোট জল্পনা চলছে বিজেপির। সেই সময় মোদির সঙ্গে এই সাক্ষাতে জল্পনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, পাঞ্জাবে বড় দায়িত্ব পেতে পারেন প্রাক্তন আপ নেতা।
শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় দু'টি পোস্ট করেন রাঘব। যার একটিতে দেখা যায় মুখোমুখি বসে রয়েছেন দু'জন। দ্বিতীয় ছবিতে তিনি মোদির হাতে তুলে দিচ্ছেন একটি গণেশ মূর্তি। এর সঙ্গে লেখেন, 'এই সকাল আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হল। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে। ওনার অন্তর্দৃষ্টি এবং পথনির্দেশে সমৃদ্ধ হওয়ার সুযোগ পেলাম। আমি অত্যন্ত কৃতজ্ঞ।' পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাঘবের এই পোস্ট সামনে আসতেই শুরু হয় জল্পনা।
মোদির সঙ্গে এই সাক্ষাতে জল্পনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, পাঞ্জাবে বড় দায়িত্ব পেতে পারেন প্রাক্তন আপ নেতা।
আর কয়েকমাস পর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতির মাঝেই বিজেপির সঙ্গে জোট জল্পনা উসকে গতকাল মোদির সঙ্গে সাক্ষাৎ করেন শিরোমণি অকালি দলের (SAD) প্রধান সুখবীর সিং বাদল। ২০২০ সালে বিতর্কিত কৃষি বিলের জেরে এনডিএ জোট ছেড়ে বিরোধী শিবিরে যোগ দেয় অকালি দল। অনুমান করা হচ্ছে, সেই জোট জল্পনার মাঝেই পাঞ্জাবে বড় দায়িত্ব দেওয়া হতে পারে রাঘবকে। পাঞ্জাবের ক্ষমতা থেকে আপকে সরাতে রাঘবের উপর ভরসা রাখতে চাইছে গেরুয়া শিবির।
উল্লেখ্য, একদা অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন রাঘব চাড্ডা। আম আদমি পার্টিতে তাঁকে কেজরিওয়ালের উত্তরসূরি হিসেবেও দেখতেন অনেকে। শুধু তাই নয়, পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে উঠে এসেছিল তাঁর নামও। তবে সেসবের মাঝেই চলতি বছরের শুরুতে আপে বিদ্রোহ ঘোষণা করে ছয় সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।
