shono
Advertisement
RBI gold sale

অর্থনীতি বাঁচাতে রেকর্ড অঙ্কে সঞ্চিত সোনা বেচেছে মোদি সরকার? বিতর্ক নিয়ে মুখ খুলল RBI

ব্লুমবার্গের রিপোর্টে দাবি করা হয়েছে, গত ২২ মে শেষ হওয়া সপ্তাহ ও তার ঠিক আগের সপ্তাহ মিলিয়ে দু’দফায় দেশের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের স্বর্ণভাণ্ডার কমেছে রিজার্ভ ব্যাঙ্কের।
Published By: Subhajit MandalPosted: 08:33 PM Jun 03, 2026Updated: 08:33 PM Jun 03, 2026

অর্থনীতির ভগ্নদশা, দিন দিন পড়ছে টাকার দাম, এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাঁচাতে দেশের সঞ্চিত সোনা রেকর্ড অঙ্কে বেচে দিয়েছে মোদি সরকার। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছিল। সেই খবর এবার খণ্ডন করল রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্ক পিআইবি ফ্যাক্ট চেকের মাধ্যমে জানিয়ে দিল ওই খবর সঠিক নয়।

Advertisement

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে। এদিকে ডলারের তুলনায় টাকার দামও সেঞ্চুরি পারের মুখে। বিদেশি মুদ্রাভাণ্ডার বাঁচাতে দেশবাসীকে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। যেখানে আগামী এক বছরের জন্য সোনা কেনা, বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাঝেই ব্লুমবার্গের রিপোর্টে জানানো হয়েছে, সরকারের তরফে সোনায় আমদানি শুল্ক বাড়ানো সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চিত স্বর্ণভাণ্ডার কমেছে। যা স্পষ্ট ইঙ্গিত দেয় সরকার অর্থিক ধাক্কা সামলাতে সোনা বিক্রির পথে হেঁটেছে। কিন্তু প্রশ্ন হল, সঞ্চিত কত সোনা বিক্রি করেছে রিজার্ভ ব্যাঙ্ক? জানা যাচ্ছে, বিক্রিত সোনার মূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। অর্থাৎ টাকার অঙ্কে যা এক লক্ষ কোটির বেশি।

রিপোর্টে ভারতের আর্থিক চাপের বিষয়টি বিশদে তুলে ধরে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ অনেকখানি কমেছে। এর উপর জ্বালানির মূল্যবৃদ্ধি ভারতের জন্য গোদের উপর বিষফোঁড়া। আর্থিক চাপের জেরে টাকার দর কমতে থাকা ভারতের অর্থনীতির জন্য আরও বেশি উদ্বেগের। এই সংকট মোকাবিলার লক্ষ্যেই সোনা বিক্রির পথে হেঁটেছে আরবিআই। যার লক্ষ্য দেশের বিদেশি মুদ্রাভাণ্ডার অটুট রাখা। ব্লুমবার্গের দাবি অনুযায়ী, গত ২২ মে শেষ হওয়া সপ্তাহ ও তার ঠিক আগের সপ্তাহ মিলিয়ে দু’দফায় দেশের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার মূল্যের স্বর্ণভাণ্ডার কমেছে রিজার্ভ ব্যাঙ্কের।

কিন্তু ব্লুমবার্গের ওই রিপোর্টকে সঠিক বলে মানছে না রিজার্ভ ব্যাঙ্ক। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "দেশের সঞ্চিত সোনা বিক্রি করা নিয়ে আমরা কিছু রিপোর্ট দেখতে পেয়েছি। কিন্তু এই খবরগুলি অসত্য।" যদিও তাতে বিতর্কে পুরোপুরি ইতি টানা যাচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement