চোরের উৎপাতে স্তব্ধ দিল্লির মেট্রো পরিষেবা। দিন চারেক আগে দিল্লিতে রং মেট্রোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মেট্রো লাইনের সিগন্যাল কেবল চুরি করল চোরের দল। দীপালি চক থেকে মজলিস পার্ক পর্যন্ত ৯.৯ কিলোমিটার দীর্ঘ পথের ১০০০ মিটার কেবলের সন্ধানে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন এক যুবককে।
গত রবিবার এই মেট্রো লাইনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর আধিকারিক জানান, কেবল চুরির জেরে সিগন্যাল স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার ভালস্বা স্টেশন থেকে মজলিস পার্ক পর্যন্ত মাত্র ২৫ কিমি গতিতে মেট্রো চালাতে বাধ্য হন চালকরা। এরপর শুক্রবার সারাদিন এই পথে মেট্রো চলাচল বাধাপ্রাপ্ত হয়। নতুন করে এই রুটে সিগন্যাল কেবল বসানোর কাজ চলছে। এক আধিকারিক বলেন, পরিষেবা চালু রেখে সিগন্যাল কেবল বসানো কার্যত অসম্ভব। যার জেরে যাত্রী পরিষেবা বন্ধ হওয়ার পর এই কাজ শুরু হবে।
ঘটনার জেরে বৃহস্পতিবার ভালস্বা স্টেশন থেকে মজলিস পার্ক পর্যন্ত মাত্র ২৫ কিমি গতিতে মেট্রো চালাতে বাধ্য হন চালকরা।
এদিকে কেবল চুরির তদন্তে নেমে শেখ শফিক নামে ২৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গিরপুরের বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, রবিবার মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর (গোলাপী লাইন) করিডোর এবং দীপালি চক-মজলিস পার্ক (ম্যাজেন্টা লাইন) করিডোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার জেরে রাজধানীতে পিঙ্ক লাইনের বিস্তৃতি গড়ায় ৭১.৫৬ কিলোমিটার। এর ফলে গোটা রাজধানী চক্রাকারে জুড়ে দিয়েছিল মেট্রো রেল। উদ্বোধনের পরই চুরির জেরে এবার সেই লাইনেই এবার মেট্রো পরিষেবা ব্যহত হল।
অবশ্য দিল্লি মেট্রোয় কেবল চুরির ঘটনা এই প্রথমবার নয়, কেবল চুরির জেরে বহুবার ব্যাহত হয়েছে দিল্লির মেট্রো পরিষেবা। গত ১১ জানুয়ারি বিমানবন্দর এক্সপ্রেস লাইনে চুরি গিয়েছিল কেবল। এছাড়াও ওই লাইনে প্রায় ৮০০ মিটার সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। যার জেরে ব্যাহত হয় পরিষেবা। ডিএমআরসির এক আধিকারিক বলেন, "এই ধরনের চুরি সাধারণত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টের মধ্যে হয়। যখন পরিষেবা বন্ধ থাকে। চোরেরা রাতে সেতুতে উঠে তার কেটে নেয়। এই তার অত্যন্ত মূল্যবান কারণ এতে প্রচুর পরিমাণে তামা ও অ্যালুমিনিয়াম থাকে।"
