shono
Advertisement

Breaking News

Strait of Hormuz

হরমুজ প্রণালীতে মৃত্যু হয়েছে ৩ ভারতীয় নাবিকের, নিশ্চিত করল কেন্দ্র

মোদি সরকার প্রণালীর ভিতরে ও আশপাশে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির উপর নজরদারি বজায় রাখার কথা জানিয়েছে।
Published By: Biswadip DeyPosted: 05:14 PM Mar 13, 2026Updated: 07:02 PM Mar 13, 2026

হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ৩ ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করল ভারত। সেই সঙ্গে জানিয়ে দিল, আরও এক ভারতীয় নিখোঁজ রয়েছেন। পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা শুক্রবার জানিয়েছেন, মোদি সরকার প্রণালীর ভিতরে ও আশপাশে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির উপর সর্বক্ষণ নজরদারি বজায় রেখেছে।

Advertisement

এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আজ হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকা বহনকারী একটি জাহাজ যাত্রা শুরু করেছে। জাহাজটি ভারতে আসছে না। তা আফ্রিকা যাচ্ছে।'' আর সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ''উত্তেজনা বৃদ্ধির ফলে ভারতীয় নাগরিকদের হতাহত হওয়ার তিনটি ঘটনার কথা জানা গিয়েছে।'' প্রসঙ্গত, এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন দুই ভারতীয় নাবিকের মৃত্যুর কথা।

হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসছিল ‘ময়ুরী নারী’ নামের পণ্যবাহী জাহাজ। যেটিতে ছিল থাইল্যান্ডের পতাকা। সূত্রের খবর, ওই জাহাজটি গুজরাট উপকূলের দিকে বহু অতিপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সেসময় আচমকা সেটির উপর হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটা জানা যায়নি। এই হামলায় দুই ভারতীয়র মৃত্যুর বিষয় নিশ্চিত করেন রণধীর। বিদেশমন্ত্রক নিশ্চিত করে, যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে আহত বেশ কয়েকজন ভারতীয়ের চিকিৎসা চলছে। দুবাইতে আহত একজন ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।

প্রায় ২ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সংকট ভয়াবহ আকার নিয়েছে। ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে হরমুজ থেকে কোনও তেলবাহী জাহাজকে যেতে দেওয়া হবে না। ইরানের বাহিনী আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এক লিটার তেলও পশ্চিম এশিয়ার বাইরে যাবে না। পালটা আমেরিকা জানিয়েছে, হরমুজ বন্ধ করলে ভয়ংকর হামলার মুখে পড়তে হবে ইরানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement