অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে জড়িয়ে থলপতি বিজয়কে কটাক্ষ করেছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নাগেন্দ্রন। তিনি মন্তব্য করেন, রাজনীতি করতে হলে তৃষার ঘর থেকে বেরতে হবে থলপতি বিজয়কে। 'আপত্তিকর' এই মন্তব্য নিয়ে রাজ্যে শোরগোল শুরু হয়। বিজেপি নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খোদ তৃষা। এর পরেই বোধোদয় হল নাগেন্দ্রনের। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি।
তামিলনাড়ুর বিজেপি সভাপতি এদিন বলেন, "ভুল করে ওই মন্তব্য করে ফেলেছিলাম। আমাদের সর্বভারতীয় মহিলা শাখার প্রধান ভানাথি শ্রীনিবাসন এবং আন্নামালাই এই বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমার বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।" থলপতি বিজয়কে (রাজনৈতিক) অভিজ্ঞতা অর্জন এবং রাজনীতিতে সাফল্যের জন্য "তৃষার ঘর থেকে বেরিয়ে আসতে হবে", এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ার একদিন পরে ক্ষমা চাইলেন নাগেন্দ্রন।
একটি অনুষ্ঠানে নাগেন্দ্রন বিজয়ের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উপহাস করে বলেন, এই অভিনেতা এমন একজন "যে ছাদে উঠতে পারে না, অথচ স্বর্গে ওঠার স্বপ্ন দেখছে"। এর পরেই মন্তব্য করেন, "বেচারা, একেবারে অনভিজ্ঞ। প্রথমে তাঁকে ঘর থেকে বেরতে হবে। আগে তৃষার (কৃষ্ণন) ঘর থেকে বেরিয়ে এসো, তারপর কিছু একটা ঘটতে পারে।"
বিষয়টি প্রকাশ্যে আসতেই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অভিনেত্রী। তাঁর আইনজীবী মন্তব্য করেন, যে বিষয়ের সঙ্গে তৃষার কোনও সম্পর্ক নেই, সেখানে তাঁর নাম টেনে অপমানজনক মন্তব্য করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে। যার পর ক্ষমা চাইলেন তামিলনাড়ুক বিজেপি সভাপতি।
