shono
Advertisement
Petrol price

খুলছে হরমুজ, কাটবে জ্বালানি সংকট, এবার পেট্রল-গ্যাসের দাম কমবে?

Published By: Anwesha AdhikaryPosted: 04:27 PM Jun 15, 2026Updated: 04:46 PM Jun 15, 2026

১০০ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে এবার থামছে আমেরিকা-ইরান যুদ্ধ। খুলে যাবে হরমুজ প্রণালী। দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সই হওয়ার পর থেকেই 'তৈল ধমনী' হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে কি ভারতীয় আমজনতার স্বস্তি ফিরবে? গত কয়েকদিনে দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এবার কি তাহলে জ্বালানির দাম কমবে?

Advertisement

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হুহু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র। কিন্তু সেসময়ে তেল সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতিতে তেল সংস্থাগুলির চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। তবে জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহণ খরচ বাড়ে না, সার্বিক জীবনযাপনে এর বিরাট প্রভাব পড়ে। ইতিমধ্যেই জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে একাধিক নিত্য়প্রয়োজনীয় জিনিসের।

এবার হরমুজ সংকট কাটতে চলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার নিয়ন্ত্রণে আসতে চলেছে। জ্বালানিবোঝাই জাহাজও স্বাভাবিকভাবে চলাফেরা করবে আন্তর্জাতিক জলপথে। কিন্তু ভারতবাসীর সংকট কাটবে কি? অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিশ্ববাজারের তেলের দাম কমলেও পেট্রল-ডিজেলের দাম কমার সম্ভাবনা একেবারেই নেই। বিশ্ববাজারে তেলের দাম যদি দীর্ঘদিন ব্যারেলপিছু ৮০ ডলার বা তার কম থাকে, একমাত্র সেক্ষেত্রে ভারতে জ্বালানির দাম কমতে পারে।

যুদ্ধের আগে পেট্রল-ডিজেলের যা দাম ছিল, সেটা আবার ফিরে আসবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, লিটারে সর্বোচ্চ ৩ টাকা কমতে পারে জ্বালানির দাম। রান্নার গ্যাসের ক্ষেত্রেও দাম কমার সম্ভাবনা নেই। তবে তেল সংস্থাগুলির যা লোকসান হয়েছে, সেটা মিটে যেতে পারে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হলে। আগামী দিনে জ্বালানির দাম বাড়ার সম্ভাবনাও বেশ কম। এছাড়াও যুদ্ধের সময়ে নতুন বেশ কয়েক দেশ থেকে তেল আমদানি শুরু করেছিল ভারত। ফলে হরমুজের উপর ভারতের নির্ভরতাও অনেকখানি কমতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement