shono
Advertisement
EPF

সফল পরীক্ষা, এবার শীঘ্রই ইউপিআইতেই পাবেন ইপিএফের টাকা, ঘোষণা মন্ত্রীর

মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, নতুন এই পরিষেবার পরীক্ষামূলক কাজ বা টেস্টিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ইপিএফও পরিষেবার সরলীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
Published By: Subhajit MandalPosted: 09:52 PM May 20, 2026Updated: 09:52 PM May 20, 2026

সফল পরীক্ষা। খুব শীঘ্রই ইপিএফও গ্রাহকরা সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে তুলতে পারবেন টাকা। কোটি কোটি ইপিএফ গ্রাহককে সুখবর শোনালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানালেন, খুব শীঘ্রই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে। মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, নতুন এই পরিষেবার পরীক্ষামূলক কাজ বা টেস্টিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ইপিএফও পরিষেবার সরলীকরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

Advertisement

আসলে এতদিন পিএফ-এর টাকা তুলতে বেশ ঝক্কি সামলাতে হত। অনলাইনে ফর্ম ফিলাপ থেকে শুরু করে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই পাওয়া যেত টাকা। আবার অনেক ক্ষেত্রে আবেদন না-মঞ্জুর হওয়ার আশঙ্কাও থাকত। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থাকে এবার সরাসরি পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর ফলে জমানো টাকা তোলার গতি বেশ কয়েক ধাপ সহজ হয়ে যাবে।

নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা তাঁদের মোট জমানো পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা ইউপিআই-এর মাধ্যমে মুহূর্তের মধ্যে তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ টাকা অবসরকালীন সঞ্চয় হিসেবে গচ্ছিত থাকবে। এই জমা টাকার ওপর আগের মতোই নিয়মিত সুদ দেবে সংস্থা। মূলত চাকরি পরিবর্তনের সময় বা জরুরি প্রয়োজনে টাকা তোলা নিয়ে যে সমস্যা তৈরি হত, তা দূর করতেই এই উদ্যোগ।

প্রযুক্তিবিদদের মতে, এই ব্যবস্থা চালু হলে পিএফ দপ্তরে দুর্নীতির সুযোগ কমবে। সাধারণ মানুষ ঘরে বসেই স্বচ্ছভাবে নিজ আমানতের হিসাব পাবেন। সরকারি পরিষেবাকে আরও জনমুখী করতেই এই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। ওয়ান নেশন, ওয়ান পেমেন্ট ব্যবস্থার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। যদিও এখনও পর্যন্ত নতুন ওই পদ্ধতি চালুর দিনক্ষণ ঘোষণা করেনি কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement