প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করতে গিয়ে ফের বিতর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিজেপির অভিযোগ, রাহুল দেশের প্রধানমন্ত্রী পদের গরিমাকে অসম্মান করেছেন। এমনকী রাহুলকে দেশবিরোধী বলেও তোপ দাগছেন বিজেপি নেতারা।
এই মুহূর্তে দু'দিনের সফরে রায়বরেলিতে রয়েছেন রাহুল গান্ধী। সেখানেই এক জনসভায় লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, "এরপর কোনও আরএসএস নেতা যদি আপনার বাড়িতে আসে, তাঁরা যদি নরেন্দ্র মোদি-অমিত শাহর কথা বলেন, তাহলে তাঁর চোখে চোখ রেখে পালটা বলুন, আপনার প্রধানমন্ত্রী গদ্দার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী গদ্দার, আরএসএস গদ্দার। আপনারা ভারত বেচার কাজ করছেন, আপনারা সব স্বশাসিত সংস্থাকে আক্রমণ করছেন, আপনারা আমাদের সংবিধানকে আক্রমণ করছেন, আম্বেদকরকে আক্রমণ করছেন, মহাত্মা গান্ধীকে আক্রমণ করছেন।" রাহুলের ওই কড়া ভাষার সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখছে বিজেপি।
অবশ্য এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রীর ইটালি সফর নিয়েও কড়া ভাষায় তোপ দেগেছেন রাহুল গান্ধী। ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মোদির চকোলেট দেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই সেটা নিয়ে কটাক্ষ শুরু করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, '‘আমাদের মাথার উপর দিকে অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে লজেন্স বিলি করছেন। কৃষক, যুবসমাজ, মহিলা, শ্রমিক, ছোট ব্যবসায়ী-সকলের চোখেই জল। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন, হাসিমুখে রিল বানাচ্ছেন। সেই দেখে শুধু বিজেপির লোকজনই হাততালি দিচ্ছে। এটা কোনও নেতৃত্ব নয়, এটা প্রহসন।’
রাহুলের ওই মন্তব্যের পালটা এসেছে বিজেপি শিবির থেকেও। গেরুয়া শিবিরের বক্তব্য, রাহুল গান্ধী শত্রু দেশের মতো আচরণ করছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন, "রাহুল গান্ধীর ভাষাটা শত্রু দেশের মতো। রাহুল শত্রু দেশের মতো কথা বলছেন। গোটা বিশ্ব ইতিমধ্যেই জানে, ভারতের অর্থনীতির কী অবস্থা। আমাদের রাহুল গান্ধীর সার্টিফিকেট প্রয়োজন নেই। রাহুল গান্ধী জঙ্গিদের মতো দেশে অস্থিরতা চাইছেন। এটা দেশদ্রোহিতার শামিল।"
