এআই সম্মেলনে 'নগ্ন' প্রতিবাদ করায় গ্রেপ্তার (Shirtless Protest Arrest) হলেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। জানা গিয়েছে, সোমবার রাত থেকে অন্তত ১৫ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে উদয়কে। তিলক মার্গ থানায় মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় তাঁকে। উল্লেখ্য, শুক্রবার দিল্লির ভারতমণ্ডপমে এআই সম্মেলনে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করে কংগ্রেসের ছাত্র সংগঠন। এহেন আচরণের নিন্দা করেছে একাধিক রাজনৈতিক দল।
অর্ধনগ্ন হয়ে প্রতিবাদের ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনায় উদয়ও জড়িত রয়েছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে থানায় ডেকে জেরা করা হয় উদয়কে। অন্তত ১৫ ঘণ্টা ধরে চলে প্রশ্নের পালা। কিন্তু যুব কংগ্রেস নেতা তদন্তকারীদের সাহায্য করেননি বলেই পুলিশের দাবি। এমনকি তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছে উদয়ের বিরুদ্ধে। তারপরই মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
উল্লেখ্য, এআই সম্মেলনে দেশি-বিদেশি বহু অতিথি এবং বক্তা ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ থেকে শুরু করে চ্যাটজিপিটি প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান-সকলেই ছিলেন ওই সম্মেলনে। সেখানেই প্রতিবাদ দেখাতে শুরু করেন কয়েকজন। ‘নরেন্দ্র মোদী কমপ্রোমাইজড’ লেখা টি-শার্ট খুলে আদুল গায়েই বিক্ষোভ চলে। সম্মেলনে উপস্থিত আমজনতার একাংশ এর প্রতিবাদ জানালে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। পরের দিনই দিল্লি পুলিশ দাবি করে, যুব কংগ্রেস কর্মীদের এহেন প্রতিবাদের নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে।
ঘটনার পরদিন থেকেই শুরু হয় গ্রেপ্তারি। আদালতে তদন্তকারীদের বক্তব্য, “নেপালে যে জেন জি আন্দোলন হয়েছিল, তা থেকে অনুপ্রাণিত হয়েই বড় ষড়যন্ত্র করা হয়েছে। অনেক ডিজিটাল তথ্যপ্রমাণও সংগ্রহ করা দরকার। এটা ভীষণই গুরুত্বপূর্ণ তদন্ত।” এই প্রতিবাদকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেও। স্পষ্ট বলেন, " আপনারা তো নগ্নই, নতুন করে জামা খোলার কি প্রয়োজন ছিল?” যুব কংগ্রেসের এহেন আচরণের প্রতিবাদ করেছে ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলিও। দিল্লির ওই সম্মেলন নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে যেভাবে বিদেশি অতিথিদের সামনে নিজেদের তুলে ধরল, তা দেশের পক্ষে অত্যন্ত অপমানজনক, মেনে নিচ্ছে বিরোধী শিবির।
