ভোটের আগে বড় সাফল্য। মাদক পাচারচক্রের পাণ্ডা শেখ মুনিরের স্ত্রী গ্রেপ্তার। ধৃতের নাম রেশমা বিবি। ধৃতের থেকে ৫০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যেতে পারে। এমনই মনে করছেন তদন্তকারীরা।
সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় নাকাতল্লাশি চালাচ্ছে পুলিশ-প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সীমান্ত এলাকাগুলিতেও কড়া নজরদারি, নাকাচেকিং চলছে। এবার সেই আবহেই বড় সাফল্য পেল এনসিবি। গোপন সূত্রে তদন্তকারীদের কাছে খবর ছিল। সেই মতো অভিযান চালানো হয়। মাদক পাচারচক্রের পাণ্ডা শেখ মুজিরের স্ত্রীকে গ্রেপ্তার করা হল। ধৃতের থেকে মোট ৫০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আন্তর্জাতিক মাদক পাচারচক্রের পাণ্ডা বলে পরিচিত শেখ মুনির। একাধিক দেশের মাদক পাচারের চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ! ফিলিপিন্সের সঙ্গেও যোগাযোগের কথা শোনা গিয়েছে অতীতে। শেখ মুনির গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, মুনিরের অবর্তমানে তাঁর স্ত্রী এই মাদকের নেটওয়ার্ক চালাচ্ছিলেন। একবালপুরের বাড়ি থেকেই ওই চক্র চালানো হচ্ছিল! সব তথ্য পাওয়ার পর তদন্তকারীরা হানা দেন। বমাল গ্রেপ্তার করা হয় শেখ মুনিরের স্ত্রীকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। এই মুহূর্তে চক্রের নেটওয়ার্ক কোথাও কোথায় ছড়ানো রয়েছে, কারা কলকাতা ও শহরতলিতে মাদক পাচারের সঙ্গে জড়িত? আর কোথায় কোথায় মাদক লুকনো আছে? সেসব তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
