shono
Advertisement
Howrah Station

এবার হাওড়া স্টেশনে বুলডোজার, রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল ১৫০ অবৈধ দোকান!

এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। গভীর রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দোকানঘর, ডালা উচ্ছেদ অভিযান হল। সেখানেই চলল বুলডোজার। একে একে দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হল।
Published By: Suhrid DasPosted: 10:03 AM May 17, 2026Updated: 10:03 AM May 17, 2026

এবার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় চলল বুলডোজার। গভীর রাতে হাওড়া স্টেশনের বাইরে বেআইনি দোকানঘর, ডালা উচ্ছেদ অভিযান হল। সেখানেই চলল বুলডোজার। একে একে দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হল। গতকাল, শনিবার রাতে রেল পুলিশ হাওড়া স্টেশনে এই উচ্ছেদ অভিযান চালায়। ১৫০-এর বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ওই জায়গা ফাঁকা করার জন্য আগেই ওই ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছিল বলে রেল সূত্রে জানানো হয়েছিল। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। লক্ষ লক্ষ যাত্রীদের চাপ থাকে প্রতিদিন। অভিযোগ, স্টেশন চত্বরে বহু ব্যবসায়ী দোকান খুলে, ডালা লাগিয়ে অবৈধভাবে ব্যবসা করছিলেন। দীর্ঘদিন ব্যবসায়ীদের উঠে যাওয়ার কথা বলা হলেও তাঁরা কথা কানে তোলেননি বলে অভিযোগ।

রেল পুলিশের অভিযান। নিজস্ব চিত্র

গতকাল রাতে বিশাল সংখ্যায় পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। নিয়ে আসা হয় বুলডোজার। এক এক করে অবৈধ দোকান ভাঙা চলতে থাকে রেল পুলিশের তরফে। ওই জায়গায় যাতে যাত্রীদের ভিড় না থাকে, সেই কথা মাইকিংয়ের মাধ্যমে রেল পুলিশ বারবার প্রচার করতে থাকে। কিছু ব্যবসায়ী সেসবের মধ্যে ব্যবসার জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পরই এই অভিযান চালানো হয়েছে। তার আগে ব্যবসায়ীদের কাছে উচ্ছেদের নোটিশও জারি করা হয়েছিল।

বুলডোজার নামার কথা শুনে বহু ব্যবসায়ী সেখানে হাজির হয়েছিল। জিনিসপত্র সেখান থেকে সরিয়ে নিয়ে যান অনেকেই। স্টেশন চত্বর রাতেই কার্যত বুলডোজার চালিয়ে ফাঁকা করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, একদিন আগেই এই নোটিশ রেলের তরফে দেওয়া হয়েছিল। রেল পুলিশ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্যই এই উচ্ছেদ অভিযান হয়েছে। এলাকায় ব্যবসায়ীদের দৌরাত্ম্যে যাতায়াতে সমস্যা হত, সেই অভিযোগ যাত্রীদের। চলাচলের এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় খুশি যাত্রীদের একটা বড় অংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement