সংগ্রামী যৌথ মঞ্চকে সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। তবে একাধিক শর্ত দিয়েছে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ। আগামী ১২ তারিখ দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সভা করতে পারবে এই মঞ্চ। তবে তাদের মিছিলের অনুমতি দেয়নি আদালত। ট্রাফিককের কোনও অসুবিধা না করে, ১ হাজার লোক নিয়ে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট।
১২ তারিখ সভা ও মিছিল করতে চেয়ে অনুমতি চায় সংগ্রামী যৌথ মঞ্চ। তারা পুলিশকে জানায়, হাজরা রোডে সভার পর হরিশ মুখার্জী রোড হয়ে এসপি মুখার্জী রোড পর্যন্ত মিছিল করতে চায় তারা। কিন্তু অনুমতি দেয়নি পুলিশ। তার পরিবর্তে বিকল্প পথ বাতলে দেয় পুলিশ। কিন্তু তা মানেনি মঞ্চ। তারা অনুমতি চেয়ে মামলা দায়ের করে কলকাতা হাই কোর্টে।
আজ, শুক্রবার মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। মামলার শুনানির পর বিচারপতি সভার অনুমতি দিয়েছেন। তবে তা ১ হাজারের বেশি লোক নিয়ে তা করা যাবে না। শুধু সভারই অনুমতি দেওয়া হয়েছে। পুলিশকে আইন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চই অল বেঙ্গল এসএলএসটি ২০২৫ অর্থাৎ ফ্রেশারদের আগামী ১১ ও ১২ এপ্রিল সল্টলেকের সেন্ট্রাল পার্কে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থানের অনুমতি দিয়েছে। তবে সেটিও শর্তসাপেক্ষে। একবারে ৩০০-র বেশি লোক থাকতে পারবে না বলে জানিয়েছে আদালত। বিধাননগর পুলিশকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ারও নির্দেশও দিয়েছে আদালত।
