shono
Advertisement
High Court

অবৈধ নির্মাণে নষ্ট হচ্ছে কলকাতার 'কিডনি'! কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হুঁশিয়ারি হাই কোর্টের

আজ সোমবার পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ একটি রিপোর্ট জমা দেয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও একটি রিপোর্ট জমা দেন। তা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
Published By: Kousik SinhaPosted: 04:47 PM Feb 23, 2026Updated: 05:40 PM Feb 23, 2026

পূর্ব কলকাতায় জলাভূমি 'কিডনি'কে ঘিরে তৈরি হয়েছে একাধিক বেআইনি নির্মাণ। সেই মামলায় এবার স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ কলকাতা হাই কোর্টের। এই ব্যাপারে কোনও পদক্ষেপ না করায় রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এক্ষেত্রে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, রাজ্য না পারলে কেন্দ্রের সাহায্য চাওয়া হবে। এমনকী বেআইনি নির্মাণ ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে বলেও মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। এরপরেই এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের। 

Advertisement

প্রসঙ্গত, পূর্ব কলকাতা এই জলাভূমি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই জলাভূমিকে শহরের 'কিডনি' বলেও ব্যাখ্যা করেন। কিন্তু সেখানেই গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একাধিকবার এই মামলার শুনানি হয়। আজ সোমবার পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ একটি রিপোর্ট জমা দেয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও একটি রিপোর্ট জমা দেন। তা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য এবং পুরনিগম কোনও পদক্ষেপ করছে না বলে কড়া পর্যবেক্ষণ করেন বিচারপতি। এক্ষেত্রে বিচারপতি সিনহার পর্যবেক্ষণ,'' জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙতে কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চায় আদালত।'' প্রতিদিন যেভাবে খালি রিপোর্ট জমা দেওয়া হচ্ছে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা।

এদিন শুনানিতে পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী সোনাল সিনহা। আদালতকে তিনি জানান, ''চৌবাগা-সহ বেশ কয়েকটি জায়গায় বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া হয়। কিন্তু সেখানে পুর কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।'' এমনকী এই বিষয়ে জেলাশাসককে বহুবার জানানো হয়েছে বলেও আদালতে সওয়াল আইনজীবীর। পাশাপাশি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে যেভাবে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায় তাও এদিন আদালতকে জানান আইনজীবী সোনাল সিনহা।

এরপরেই বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, "৫০০-এর বেশি বেআইনি নির্মাণ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভাঙার নির্দেশ দেব আমি।'' এমনকী রাজ্য না পারলে কেন্দ্রকেই যে সেউ দায়িত্ব দেওয়া হবে তা এদিন পর্যবেক্ষণে জানায় কলকাতা হাই কোর্ট। এরপরেই এদিন এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি সিনহা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement