নিউটাউনের (Newtown) অভিজাত সাপুরজি সুখবৃষ্টি আবাসনে সরবরাহ পানীয় জলের জীবাণু! আর দূষিত সেই জল পানে আবাসনের বাসিন্দা শিশু, বয়স্ক, মহিলা সহ একযোগে অনেকেই নানাবিধ রোগের কবলে পড়েছেন। অনেকেই বমি, জ্বর, গায়ে ব্যথা সহ নানাবিধ সংক্রমণে ভুগছেন বলে অভিযোগ। যা নিয়ে সোমবারই কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। এরপরেই মঙ্গলবার আবাসনে বিশেষ ক্যাম্প বসালো নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ প্রশাসন। আক্রান্তদের দেওয়া হচ্ছে ওষুধও। অন্যদিকে জলের নমুনাও এদিন সংগ্রহ করা হয়েছে প্রশাসনের তরফে। কীভাবে এবং কেন এই পরিস্থিতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
সুখবৃষ্টি আবাসনে কমবেশি ৫২২ টি টাওয়ার রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সমস্ত টাওয়ার মিলিয়ে বর্তমানে হাজার হাজার মানুষের বসতি। পানীয় জলের সংক্রমণে ই–ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কোনও না কোনও সদস্য রোগে ভুগছেন। যার পিছনে আবাসন কর্তৃপক্ষের উদাসীনতাতে দায়ী করছেন বিক্ষোভকারীরা। বাসিন্দাদের বক্তব্য, কর্তৃপক্ষ ওভারহেড ট্যাঙ্ক গুলি নিয়মিত পরিষ্কার করে না। ফলে জল দূষিত হয়েছে। দিনকয়েক ধরেই জলে পচা দুর্গন্ধ এবং জলে সঙ্গে কলের মুখ থেকে গাঢ় হলদে আভা পড়ছে।
বাসিন্দাদের অভিযোগ, সমস্ত টাওয়ার মিলিয়ে বর্তমানে হাজার হাজার মানুষের বসতি। পানীয় জলের সংক্রমণে ই–ব্লকের প্রায় প্রতিটি ফ্ল্যাটেই কোনও না কোনও সদস্য রোগে ভুগছেন। যার পিছনে আবাসন কর্তৃপক্ষের উদাসীনতাতে দায়ী করছেন বিক্ষোভকারীরা।
ভুক্তভোগী সুধীর মণ্ডল নামে এক বাসিন্দা জানিয়েছেন, জলের সংক্রমণের কবলে পড়ে দুই মেয়ে চিনারপার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বনশ্রী নাগের অভিযোগ, তিন বছরে আবাসনের জলাধার বা পাইপ লাইন পরিষ্কার হতে দেখিনি। ফলে জল দূষণ হয়ে দেড় বছরের সন্তান অসুস্থ হয়েছে। যদিও এই বিষয়ে আবাসন কর্তৃপক্ষের কারও প্রতিক্রিয়া মেলেনি।
নিউটাউন (Newtown) শহরে রোজকার নাগরিক পরিষেবার দায়িত্বে রয়েছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ প্রশাসন। সোমবার এই সংস্থার এক শীর্ষ আধিকারিক জানান, সরকারিভাবে সরবরাহ জল কোনও রকম দূষিত হয়নি। তা হলে গোটা নিউটাউনে বাসিন্দারা সমস্যায় পড়তেন। এটা শুধু মাত্র ওই আবাসনের ই-ব্লকের ঘটনা। এরপরেই এদিন সকাল থেকে আবাসিকদের অভিযোগের ভিত্তিতে জলের নমুনা সংগ্রহ করা হয়। সরবরাহ ব্যবস্থায় গাফিলতি, নাকি আবাসনের সংরক্ষণ ব্যবস্থায় ত্রুটি সে বিষয় খতিয়ে হচ্ছে। একইসঙ্গে ট্যাঙ্ক পরিস্কারের কাজও শুরু হয়েছে। জানা গিয়েছে, ই-ব্লকে শতাধিকেরও বেশি টাওয়ার আছে। ইতিমধ্যে ১০০ ট্যাংক পরিষ্কার করা হয়েছে। বাকি ট্যাঙ্কগুলিকেও পরিস্কার করা হবে বলে খবর। এছাড়া একটা পাঁচ লাখ ও একটা আড়াই লাখ লিটার ক্যাপাসিটর রিজার্ভার পরিষ্কারের কাজও করা হবে বলে জানা গিয়েছে।
