গৌতম ব্রহ্ম: সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার ভাল কাজ করলে সরাসরি পুলিশে নিয়োগের বিষয়ে ভেবে দেখার কথা বললেন মুখ্যমন্ত্রী। যদিও এই পদ্ধতিতে সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করা যায় কি না, সেটা স্বরাষ্ট্রদপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষ পাচ্ছেন কি না, সেই ইস্যুতে এদিনের বৈঠকেই উষ্মাপ্রকাশ করেন তিনি। এরপরই প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রিভান্স সেল-এ জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে শীঘ্র নিষ্পত্তিতে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করার কথা বলেন। টাস্ক ফোর্সের মাথায় থাকবেন সেই দপ্তরের প্রধান সচিব। শুধু মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া অভিযোগ নয়, শাসক দলের ‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছে, তা দ্রুত নিষ্পত্তি করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ বিভ্রাট, টর্চ জ্বেলেই চিকিৎসা চলছে সাঁইথিয়ার হাসপাতালে]
এদিনের বৈঠকেই উঠে আসে সিভিক ভলান্টিরয়ারদের প্রসঙ্গ। সেখানেই ভাল কাজ করলে সিভিক পুলিশকে সরাসরি কনস্টেবল পদে নিয়োগের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু ক্ষেত্রেই কনস্টেবল পদ ফাঁকা রয়েছে। যে সিভিক ভলান্টিয়াররা ভাল কাজ করছেন, তাঁদের সেই ফাঁকা জায়গায় নিয়োগের কথা বলছেন। তবে বিষয়টা আদতে সম্ভব কি না, তা স্বরাষ্ট্রদপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগাতে রাজ্যের এমন ভাবনা চিন্তা বলেই দাবি বিরোধী শিবিরের।
