চার বছর পর ফের বদলির আবেদন করতে পারবেন শিক্ষকরা। বুধবার নতুন করে খুলল সরকারের উৎসশ্রী পোর্টাল। শিক্ষকরা ফের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালে সেপ্টেম্বর মাস থেকে বিশেষ পরিস্থিতিতে উৎসশ্রী পোর্টালে বদলির আবেদনগ্রহণ বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীকালে স্কুলগুলিতে শিক্ষক, গ্রুপ-সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার কারণেও বেশ কিছুদিন তা বন্ধ ছিল। বুধবার থেকে ফের আগের নিয়ম অনুযায়ী সব ধরনের বদলির অনলাইন আবেদন শুরু হল।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য, ২০২১ সাল থেকে যাঁদের আবেদন থমকে আছে, তাঁরা আগে সুযোগ না পেলে ফের আইনি জটিলতা তৈরি হবে।
স্কুলশিক্ষা দপ্তরের এক কর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিধি অনুযায়ী, ২০১৫-এর বিধানে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন করে পোর্টাল চালু হওয়ার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শিক্ষকদের বদলির আবেদনের মীমাংসা হবে বলে আশাবাদী তারা। তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য, বহুদিন ধরে আবেদনের পর পোর্টাল চালু করার সিদ্ধান্ত হল। তবে ২০২১ সাল থেকে যাঁরা আবেদন থমকে আছে, তাঁরা আগে সুযোগ না পেলে ফের আইনি জটিলতা তৈরি হবে। তিনি আরও জানান, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু সকলেরই বদলি আটকে গিয়েছিল। অন্য এক শিক্ষক সংগঠনের নেতার দাবি, সব বদলি শুরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে কোনওভাবেই যেন দুর্নীতি প্রশ্রয় না পায়। নিজের জেলায় বদলরি সুযোগ দেওয়া হোক। এটাই কাম্য।
