shono
Advertisement
Debraj Chakraborty Arrest

গ্রেপ্তার তৃণমূলের দেবরাজ চক্রবর্তী, পুলিশের জালে অদিতি মুন্সির স্বামী!

গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী! রাজারহাট-গোপালপুরের একদা দাপুটে নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জল্পনা ছড়িয়েছে।
Published By: Ramen DasPosted: 01:03 AM May 20, 2026Updated: 01:55 AM May 20, 2026

ফের গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা! পুলিশের জালে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী! উত্তর ২৪ পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty) অর্থাৎ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার গ্রেপ্তারির খবরে শোরগোল পড়েছে সমাজমাধ্যমে! যদিও এই বিষয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কোনও তথ্য বা ব্যাখ্যা দেয়নি রাজ্য বা কলকাতা পুলিশ। সূত্রের দাবি, বুধবার সকালের আগে পর্যন্ত তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিন ভোররাত পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায়নি পুলিশ! আবার কেউ কেউ দাবি করেছেন, তাঁকে গ্রেপ্তার করেছে ইডি (ED), কেউ বলেছেন সিআইডি! দাবি করা হয়েছে, তাঁকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়া হয়েছে ভবানীভবনে, সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ। যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল অর্থাৎ তৃণমূলের (TMC) নেতা দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ছড়িয়েছে জল্পনা।

Advertisement

এদিন সোশ্যাল মিডিয়ায় ‘পাপ বিদায়’ বলে পোস্ট করেন রাজারহাট-গোপালপুরের (Rajarhat Gopalpur) বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তাঁর ওই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় দেবরাজ চক্রবর্তীর নাম করে, প্রশ্নবোধক চিহ্ন-সহ পোস্ট করেন বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিজেপি নেতা জানান, গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকেই!

প্রসঙ্গত, এই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার সরব হয়েছে রাজ্য বিজেপি (BJP Bengal) ।তোলাবাজি, বিরোধীদের উপর আক্রমণ-সহ বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছেন প্রাক্তন বিধায়কের স্বামী। এবার তাঁর গ্রেপ্তারি নিয়ে এমন খবর অত্যন্ত তাৎপর্যের বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি নিয়েও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এই দুর্নীতি মামলায় উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। অনেকেই বলছেন, বিজেপি সরকারের শুরুর দিন থেকেই বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে কড়া ব্যবস্থা। অন্যায়ের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে নতুন সরকার! আর জি কর ফাইল থেকে শুরু করে তোলাবাজি, পশুহত্যায় বিধিনিষেধ। একের পর এক ইস্যুতে ব্যবস্থা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর নেতৃত্বাধীন সরকার। এবার দেবরাজের গ্রেপ্তারির এমন খবর ফের তোলপাড় করেছে রাজ্য রাজনীতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement