shono
Advertisement

Breaking News

Enforcement Directorate

পার্থ-অর্পিতার পর এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব ইডির, নোটিস কুন্তলকেও

গত কয়েকদিন আগেই এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
Published By: Kousik SinhaPosted: 02:29 PM Mar 11, 2026Updated: 03:33 PM Mar 11, 2026

বঙ্গ বিধানসভা ভোটের আগে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। একইসঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকেও তলব করা হয়েছে বলে খবর। যা খবর, আগামী সপ্তাহেই দু'জনকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। গত কয়েকদিন আগেই এই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Advertisement

প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এই মামলাতেই এরপর ইডির হাতেও গ্রেপ্তার হতে হয় প্রাক্তন এই যুবনেতাকে। যদিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতেই কুন্তল ঘোষকে ইডির নোটিস বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই মামলাতেই মণীশ জৈনকেও ইডির আধিকারিকরা জেরা করবেন বলে খবর। বলে রাখা প্রয়োজন, এর আগে নিয়োগ দুর্নীতি মামলাতেই মনীশকে বেশ কয়েকবার তলব করে সিবিআই। সেই মতো তদন্তকারী সংস্থার মুখোমুখিও হয়েছিলেন প্রাক্তন শিক্ষাসচিব।

অন্যদিকে মানিক ভট্টাচার্য, রত্না বাগচি এবং বিভাস অধিকারীকে নোটিস দেওয়ার নির্দেশ দিল আদালত। সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট হয়েছে আগেই। সেই মামলায় তিনজনকে নোটিস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন এই সংক্রান্ত মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেননি। অসুস্থতার কারণেই তিনি এদিন আদালতে হাজিরা দিতে পারেননি বলে খবর। আর তা আদালতকেও আইনজীবী মারফৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন বলে খবর। যদিও এদিন আদালতে ছিলেন পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আগামী ১৫ জুন ইডি এবং সিবিআই মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement