খোদ পুলিশের গাড়ি থেকে ব্যাটারি চুরি! রাতে বাইপাসের কাছে মোতায়েন ছিল পুলিশের গাড়িটি। সেই সময়েই গাড়ির ভিতর থেকে চুরি হয়ে যায় ব্যাটারি। আর এই ঘটনার পরেই স্থানীয় সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত। কিন্তু খোদ পুলিশের গাড়ি থেকে কীভাবে ব্যাটারি চুরি হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, ডিউটিতে থাকা এক পুলিশকর্মীর অভিযোগ, ওই পুলিশের গাড়িটি সাধারণত তিনজন চালক চালান। এক চালক সেটিকে সার্ভে পার্ক এলাকার ইস্ট রাজাপুর রোডে পার্কিং করে রাখে। রাতে পার্কিং করে রাখার পর তিনি চলে যান। পরের দিন ওই পুলিশকর্মী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে দেখেন, ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে ব্যাটারি। ওই চালককে এই ব্যাপারে জিজ্ঞাসা করেও কোনও তথ্য মেলেনি। ইতিমধ্যে ওই পুলিশকর্মী ইস্ট ডিভিশনের পুলিশকর্তাদের বিষয়টি জানান।
এক চালক সেটিকে সার্ভে পার্ক এলাকার ইস্ট রাজাপুর রোডে পার্কিং করে রাখে। রাতে পার্কিং করে রাখার পর তিনি চলে যান। পরের দিন ওই পুলিশকর্মী গাড়িটি পরীক্ষা করতে গিয়ে দেখেন, ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে ব্যাটারি। ওই চালককে এই ব্যাপারে জিজ্ঞাসা করেও কোনও তথ্য মেলেনি।
এরপরেই উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে পুলিশকর্মীরা বিভিন্ন এলাকায় ওই ব্যাটারির সন্ধান চালান। কিন্তু কোথাও তা মেলেনি। সার্ভে পার্ক থানায় ওই পুলিশকর্মীর অভিযোগ, কোনও চালক না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা গাড়িতে হানা দিয়ে ব্যাটারি চুরি করে পালায়। তদন্ত শুরু করে ওই এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
