shono
Advertisement

Breaking News

Kavi Subhash Metro Station

একবছর ধরে বন্ধ, কবি সুভাষে মেট্রো পরিষেবা চালু হতে আরও কমপক্ষে ১০ মাস!

প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা দেওয়ায় ২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল।
Published By: Tiyasha SarkarPosted: 08:35 AM Jul 29, 2026Updated: 03:24 PM Jul 29, 2026

ঠিক একবছর আগের কথা। প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা দেওয়ায় ২০২৫ সালের ২৮ জুলাই কবি সুভাষ স্টেশন (Kavi Subhash Metro Station) থেকে মেট্রো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পর থেকে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল হিসাবে ব্যবহার করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনকে। সেই সময় বলা হয়েছিল, ৮-৯ মাসের মধ্যে পুনরায় স্টেশন তৈরি করা হবে। যাত্রী নিয়ে ট্রেনও ছুটবে। কিন্তু এক বছর পার। আপাতত ওই স্টেশন খোলার কোনও সম্ভাবনা নেই। নয়া স্টেশনের নকশা তৈরির কাজ শেষ হয়েছে এ বছরের গোড়াতেই। মেট্রো সূত্রে খবর, স্টেশন তৈরির পর পুরোদমে ওই স্টেশন থেকে ট্রেন পরিষেবা চালু করতে আরও ৯-১০ মাস হয়ে যাবে। মানে ২০২৭ সালের এপ্রিল বা মে মাসে আবার চালু হতে পারে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। ইতিমধ্যেই নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনের দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

Advertisement

গত একবছর ধরে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন।

মেট্রো সূত্রে জানা গেছে, নতুন প্ল্যাটফর্ম নির্মাণের জন্য প্রয়োজনীয় ৮০টি গভীর পাইলের মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে। তবে সামনের কয়েক মাস বর্ষাকাল। যে কারণে কাজের গতি কিছুটা কমতে পারে। বর্তমানে ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম, ছাউনি ও রেললাইন খুলে ফেলার কাজ চলছে। নতুন প্ল্যাটফর্মটি আগের তুলনায় পরিবর্তিত নকশায় তৈরি হবে এবং দুই প্ল্যাটফর্মের উপর একসঙ্গে ছাউনি থাকবে না। আলাদা আলাদা ছাউনি হবে। চেনা চেহারা বদলে যাবে কবি সুভাষের। কিন্তু তা করতে আরও বেশ খানিকটা সময় লাগবে। অর্থাৎ, আরও প্রায় এক বছর নিউ গড়িয়া চত্বরের যাত্রীদের মেট্রো ধরতে শহিদ ক্ষুদিরাম স্টেশনে আসতে হবে। ভোগান্তি অব্যাহত থাকবে। নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি কমাতে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পাশে নতুন অটোস্ট্যান্ড তৈরি করা হয়েছে।

বর্তমানে যাত্রীদের তাই দু'বার অটো বদলে তবে কবি সুভাষ যেতে হয়। ট্রেন ঘোরানোর ব্যবস্থাও হয়ে গিয়েছে শহিদ ক্ষুদিরাম থেকে। ফলে ট্রেনের গতিও আর মন্থর হয় না। শুধু যাওয়া যায় না কবি সুভাষ। মেট্রোকর্তাদের আশ্বাস মতো যাত্রীরা মনে করেছিলেন চলতি বছরের পুজোর আগে হয়তো ওই স্টেশন চালু হবে। কিন্তু কাজের যা গতি তাতে এই স্টেশন চালু হতে আরও প্রায় বছরখানেক। অর্থাৎ এই সময় দক্ষিণের টার্মিনাল স্টেশন হিসাবে থাকবে শহিদ ক্ষুদিরামই। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, "আমরা দ্রুত ওই স্টেশন পুনর্নির্মাণের কাজ চালাচ্ছি। তবে সেই কাজ শেষ হয়ে মেট্রো চলাচল শুরু হতে ২০২৭ সালের এপ্রিল মাস হয়ে যাবে। এই কয়েকমাস যাত্রীদের শহিদ ক্ষুদিরাম থেকেই মেট্রো ধরতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement