ডবল ইঞ্জিন সরকারের আমলে বাংলায় রকেট গতিতে ছুটছে মেট্রো প্রকল্পের কাজ। দেড় বছর ধরে চিংড়িঘাটা মেট্রোর (Kolkata Metro) আটকে থাকা কাজ মাত্র ১ মাসেই সম্পূর্ণ হয়েছে। এবার মেট্রোযাত্রীদের জন্য আরও একটা সুখবর। এবার মেট্রোপথে জুড়বে ইডেন গার্ডেনও। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত সম্প্রসারিত করা হবে মেট্রো করিডর। জোকা থেকে এসপ্ল্যানেড 'বেগুনি মেট্রো করিডর' সম্প্রসারিত করার ক্ষেত্রে গ্রিন সিগন্যাল মিলেছে রেলের তরফে।
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি কত টাকা খরচ হতে পারে, তা নিয়ে অলোচনার পরেই সিলমোহর দেওয়া হবে। ইডেন গার্ডেন সার্কুলার রেলস্টেশনকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তারা। জানা গিয়েছে, নতুন মেট্রো স্টেশন তৈরি হবে মোহনবাগান ক্লাবের উলটো দিকে। যার নাম হবে ইডেন গার্ডেন। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেনের দূরত্ব প্রায় ১২০০ মিটার। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জমি চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই করিডরের মেট্রো পরিষেবা চলছে। মাঝেরহাটের পর মোমিনপুর থেকে মেট্রো চলবে মাটির তলা দিয়ে। কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। এই করিডরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে। সূত্রের খবর, ২০২৭-২৮ সালের মধ্যে জোকা-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
