জরুরি ভিত্তিতে ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) দিচ্ছে কলকাতা পুলিশ! সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট ও দাবিকে মিথ্যা বলে বিবৃতি জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশ কোনও নাগরিককে কোনও ডোমিসাইল শংসাপত্র দেয়নি বলে অবস্থান স্পষ্ট করল পুলিশ। যে বা যাঁরা এই ধরনের ভুয়ো তথ্য ছড়াচ্ছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র নিয়ে টানাপোড়েন শুরু হয়। প্রথমে নির্বাচন কমিশন জানায়, এই সংশসাপত্র নেওয়া হবে। প্রক্রিয়ার মাঝে বলা হয় বিভিন্ন কারণে তা গ্রহণযোগ্য নয়। শেষের দিকে ফের এই শংসাপত্রকে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। তবে সে ক্ষেত্রে কিছু শর্ত ঠিক করে দেয় কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রই একমাত্র গৃহীত হবে। অন্য কারও সই করা সার্টিফিকেট নথি হিসেবে গ্রাহ্য নয়।
তারপরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কলকাতা পুলিশ জরুরি ভিত্তিতে এই শংসাপত্র দিচ্ছে। সেই পোস্ট মিথ্যা বলে জানাল কলকাতা পুলিশ। নিয়ম অনুয়ায়ী, কলকাতা পুলিশ ভেরিফিকেশনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেয়, কোনও সংশাপত্র প্রদান করে না। বিবৃতি জারি করে লালবাজার জানায়, 'আমাদের নজরে এসেছে কিছু মহল থেকে প্রচার চালানো হচ্ছে যে, জরুরি ভিত্তিতে কলকাতা পুলিশ ডোমিসাইল সার্টিফিকেট প্রদান করছে। এই তথ্য ভুল। স্পষ্ট করে বলা হচ্ছে, নিয়ম অনুসারে পুলিশ কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের তথ্য পাঠায়। কলকাতা পুলিশ কাউকে কোনও সার্টিফিকেট দেয়নি। মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
