shono
Advertisement

দীর্ঘ বিরতির পর ফিরছে মা-মাসির কিচেন, আরও কিছুদিন দেখা যাবে প্রিয় 'দাদু'র হাসিমাখা মুখ!

গত ১৩ আগস্ট মৃত্যু হয়েছে 'মা-মাসি কিচেনে'র প্রিয় দাদু জ্যোতিপ্রসাদ বসুর।
Published By: Tiyasha SarkarPosted: 02:25 PM Sep 01, 2026Updated: 02:25 PM Sep 01, 2026

সকলের প্রিয় 'মা-মাসি কিচেন'-এর উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরেই ওই পেজে নতুন কোনও ভিডিও পোস্ট করা হচ্ছিল না। আর কি ভিডিও আসবে? সেই প্রশ্নও উঁকি মারছিল সকলের মনে। অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ বিরতির পর ফিরছে 'মা-মাসি কিচেন'। সোমবার রাতেই পেজেই জানানো হয়েছে যে ফের তাঁরা কাজ শুরু করছে। খুশির খবর হল, আরও কিছুদিন দেখতে পাবেন প্রিয় দাদুকেও। 

Advertisement

সকলের প্রিয় বসু দম্পতি। ছবি-সোশাল মিডিয়া।

সোশাল মিডিয়া যে শুধু জেন জি’র নয়, তা প্রমাণ করে দিয়েছেন অনেক বৃদ্ধ-বৃদ্ধাই। তাঁদের মধ্যেই রয়েছেন বসু দম্পতি। মিষ্টি হাসিতে স্ত্রীর কাছে বাহারি মেনুর আবদার, আর সেই মতো রান্না করে নেটদুনিয়ার মন জিতে নিয়েছিলেন নিউটাউনের জ্যোতিপ্রসাদ বসু ও শিউলি বসু। বাড়ি থেকে যারা দূরে থাকেন, বসু দম্পতির ভিডিওতে যেন ঠাকুমা-দাদুর স্পর্শ পেতেন তাঁরা। ভিডিওতে দেখা যেত, গৃহকর্তা জ্যোতিপ্রসাদবাবু স্ত্রীর কাছে একেকদিন একেকটা রান্নার আবদার করছেন। তা মেটাচ্ছেন স্ত্রী শিউলিদেবী। ঠিক বাড়ির মা বা ঠাকুমার মতো যত্ন করে রান্নার পাশাপাশি সকলকে দেখাচ্ছেন পদ্ধতি। তারপর চেখে দেখে বাহবা দিচ্ছেন কর্তা। যা স্বাভাবিকভাবেই মন কাড়ে সকলের।

তবে গত কিছুদিন ধরেই 'মা-মাসি কিচেন' পেজটিতে ভিডিও পোস্ট করা হচ্ছিল না। রবিবার সকালে মেলে দুঃসংবাদ। জানা যায়, ১৩ আগস্ট মৃত্যু হয়েছে জ্যোতিপ্রসাদবাবুর। এই খবরে ভেঙে পড়েন এই দম্পতির অনুরাগীরা। তবে এরপর শিউলিদেবী একা ভিডিও করবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সোমবার রাতে পেজেই জানানো হল, ফের কাজে ফিরছেন শিউলিদেবী। তিনি লেখেন, 'পুরো মাসটাই বলা চলে আমরা প্রায় কাজের বাইরে ছিলাম। আপনারা এমাসে যে ভিডিওগুলো দেখেছেন, সেগুলো অনেক আগে থেকে রেকর্ড করে রাখা এবং শিডিউল করা ছিল। এই সময়ে বহু মানুষকে, বহু ব্র্যান্ডকে অনেক কথা দিয়েও আমরা তা রাখতে পারিনি। কাল থেকেই আমরা ধীরে ধীরে কাজে ফিরছি। তবে আপাতত আপনারা যে ভিডিওগুলো দেখতে পাবেন, সেগুলোর বেশিরভাগই আগের রেকর্ড করা ভিডিও। নতুন করে ভিডিও তৈরির কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করার ইচ্ছা রয়েছে।' অর্থাৎ আরও কিছুদিন প্রিয় 'দাদু'র হাসিমাখা মুখ দেখতে পাবেন দর্শকরা। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement