সমস্যা পিছু ছাড়ছে না কলকাতা মেট্রোর (Kolkata Metro)। ব্লু লাইন মেট্রো পরিষেবায় একাধিক সমস্যা দেখা যায় মাঝেমধ্যেই। এবার গ্রিনলাইন মেট্রোতেও কি অশনিসংকেত? নবনির্মিত মেট্রো স্টেশনের বাইরের অংশে চাঙড় খসে পড়ল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরে। তাহলে এই লাইনেও ক্রমে ঘনিয়ে আসছে সিঁদুরে মেঘ? সেই প্রশ্ন উঠছে। মেট্রো রেলের আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থলে ছিলেন বলে খবর।
গত বছর জুলাই মাসে ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যায়। পরে জানা যায়, স্টেশনের চারটি পিলারে ফাটল রয়েছে। দ্রুত ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয়। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ওই স্টেশন ভেঙে ফের নতুন করে তৈরি করা হবে। এই মুহূর্তে ব্লু লাইনে মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছে। এই অবস্থায় এবার সদ্য কয়েক বছর আগে তৈরি হওয়া সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরে চাঙড় ভেঙে পড়ায় আতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ, সোমবার সপ্তাহের শুরুর কর্মব্যস্ত দিন। নির্দিষ্ট সময়ে গ্রিন লাইনে মেট্রো পরিষেবাও শুরু হয়ে গিয়েছিল। এই মেট্রোরুটে এখন অফিস যাত্রীদের ভিড়ও হয়। সল্টলেকের ওই রাস্তা দিয়ে গাড়ির চাপও যথেষ্ঠ থাকে। সেই ব্যস্ত সময়েই ঘটল বিপত্তি। এদিন সকালে স্টেশনের নিচ থেকে রাস্তার উপর চাঙড় খসে পড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্টেশনের নিচের অংশে সিমেন্টের উপরের অংশ কিছু জায়গায় চটে গিয়েছে! ওই চাঙড় খসে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাস্তার ওই অংশটি ঘিরে রাখা হয়।
খবর দেওয়া হয় মেট্রো রেল কর্তৃপক্ষকেও। ঘটনাস্থলে গিয়ে মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখেন আধিকারিকরা। কী কারণে ওই ঘটনা ঘটল? স্টেশন তৈরিতে ব্যবহৃত জিনিসপত্রের গুণগত মান কী ছিল? সেসব খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ওই অংশ মেরামতির কাজ দ্রুত শুরু হবে বলেও খবর। ঘটনার পর যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পরিষেবা কি স্বাভাবিক থাকবে? সেই প্রশ্নও উঠেছে।
