shono
Advertisement
ECI

পিছোল কেন্দ্রীয় এজেন্সিগুলির সঙ্গে কমিশনের বৈঠক, আগামী সপ্তাহেই রাজ্যে ফুল বেঞ্চ?

দুয়ারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মে মাসের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। পরিস্থিতি খুব একটা বদল না হলে চলতি মাসেই ভোট ঘোষণা হবে।
Published By: Subhankar PatraPosted: 04:26 PM Mar 02, 2026Updated: 06:40 PM Mar 02, 2026

চলতি মাসের আগামী সপ্তাহেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৯ তারিখ রাজ্যে আসছে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন দল। ১০ তারিখ বৈঠক করা হবে। এদিকে, কেন্দ্রীয় এজেন্সিগুলির সঙ্গে কমিশনের নির্ধারিত মিটিংয়ের দিনক্ষণ বদলালো নির্বাচন কমিশন। আজ, সোমবার সন্ধ্যা ৬টা থেকে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। আজকের পরিবর্তে আগামী ৫ মার্চ সকাল সাড়ে দশটা থেকে বৈঠক হবে বলে জানানো হয়েছে।

Advertisement

দুয়ারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। মে মাসের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে। পরিস্থিতি খুব একটা বদল না হলে চলতি মাসেই ভোট ঘোষণা হবে। আজ, সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ৯ মার্চ রাজ্যের আসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তা জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসকদের। ১০ মার্চ বৈঠক হবে।

এদিকে আজ, সোমবার কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা ইডি, সিবিআই, আয়করদপ্তর, এনআইএ, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, কেন্দ্রীয় বাহিনীর মতো সংস্থাগুলির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গেল বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ৫ মার্চ সেই বৈঠক হবে।

আগের সূচি অনুযায়ী, রবিবার কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার-সহ প্রায় ৮ জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল। কিন্তু তা হয়নি। নবান্নের অনুরোধে পুরো বিষয়টি স্থগিত রাখা হয়। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগেই জানান, রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ রয়েছে। সিবিএসই এবং আইসিএসই পরীক্ষাও চলছে। ৩ মার্চ রয়েছে দোলযাত্রা। এই পরিস্থিতিতে রাজ্যের অনুরোধে কমিশনের প্রতিনিধিরা সফর স্থগিত রেখেছেন। এবার কেন্দ্রীয় তদন্তকারী বিভিন্ন সংস্থাগুলির সঙ্গে বৈঠকের তারিখ বদলালো। পাশাপাশি সব ঠিক থাকলে ৯  তারিখ আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement