কয়েকমাস আগেই নিউটাউনে দুর্গাঙ্গনের ভিতপুজো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিউটাউনেই জৈন মন্দিরের জন্য জমি বাছাই করা হয়েছে বলে বলে ঘোষণা করলেন তিনি। জানালেন, বিশ্ববাংলা গেটের ৬০০ মিটার দূরত্বে রয়েছে এই জমি।
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দোলযাত্রা। আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের তরফে দোলযাত্রা ও হোলি উপলক্ষ্যে মিলন উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। সেখানেই জৈন মন্দিরের জন্য নিউটাউনে জমি বাছাই করা হয়ে গিয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "জৈন সম্প্রদায়ের মানুষেরা আমার কাছে নিউটাউনে একটি জমির জন্য অনুরোধ করেছিলেন। বলেছিলেন, মন্দির তৈরি করবেন। আমি ওদের ট্রাস্ট তৈরির পরামর্শ দিয়েছিলাম। নিউটাউনে একটা জমি আমি পেয়েছি। বিশ্ববাংলা গেটের ৬০০ মিটারের মধ্যে, ৫ একর জায়গা।" ট্রাস্টের মাধ্যমে জমি হস্তান্তর হবে বলে জানালেন মমতা।
মমতা বলেন, "জৈন সম্প্রদায়ের মানুষেরা আমার কাছে নিউটাউনে একটি জমির জন্য অনুরোধ করেছিলেন। বলেছিলেন, মন্দির তৈরি করবেন। আমি ওদের ট্রাস্ট তৈরির পরামর্শ দিয়েছিলাম। নিউটাউনে একটা জমি আমি পেয়েছি। বিশ্ববাংলা গেটের ৬০০ মিটারের মধ্যে, ৫ একর জায়গা।"
উল্লেখ্য, বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পাওয়ার পর গতবছর ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হবে। সেইমতো কাজও শুরু হয়ে যায়। ২৯ ডিসেম্বর হয়েছে দুর্গাঙ্গনের ভিতপুজো। এর জন্য ধার্য করা হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা। পরবর্তীতে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন মমতা। এবার নিউটাউনে হতে চলেছে জৈন মন্দির।
