shono
Advertisement
Sovandeb Chattopadhyay

বসতে হবে বিরোধী বেঞ্চে, দলের বিধায়কদের সুবিধা-অসুবিধা দেখতে বিধানসভায় শোভনদেব, ফিরহাদ

Firhad Hakim: এবার থেকে তৃণমূল বিধায়কদের বসতে হবে বিরোধী বেঞ্চে। তাঁদের জন্য নির্ধারিত ঘরও আলাদা। সেই সব বিষয় দেখে নিতে বুধবার বিধানসভায় যান শোভনদেব ও ফিরহাদ।
Published By: Jaba SenPosted: 05:02 PM May 13, 2026Updated: 05:23 PM May 13, 2026

তৃণমূল বিধায়কদের সুবিধা-অসুবিধার বিষয়গুলি দেখে নেওয়ার জন্য বুধবার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ও মুখ্য সচেতক ফিরহাদ হাকিম (Firhad Hakim) বুধবার বিধানসভায় যান। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ প্রায় ১৫০ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার তাপস রায়। শপথগ্রহণ করেছেন নিয়ামত শেখ সহ আরও দু’একজন তৃণমূল বিধায়ক। এবার থেকে তৃণমূল বিধায়কদের বসতে হবে বিরোধী বেঞ্চে। তাঁদের জন্য নির্ধারিত ঘরও আলাদা। সেই সব বিষয় দেখে নিতে বুধবার বিধানসভায় যান শোভনদেব ও ফিরহাদ।

Advertisement

বুধবার তৃণমূলের কয়েকজন বিধায়কের শপথগ্রহণ হলেও শোভনদেব ও ফিরহাদের শপথ আগামীকাল। কিন্তু তা সত্ত্বেও দলের বিধায়কদের জন্য এদিন তাঁরা বিধানসভায় যান। এছাড়াও এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় আসেন। বিধায়কদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন শোভনদেব। এছাড়াও বিরোধীদের জন্য বরাদ্দ ঘরও দেখে আসেন তাঁরা। ফিরহাদ জানিয়েছেন, "আমাদের বিধায়কদের কোনও অসুবিধা হচ্ছে কি না দেখতে এসেছি।"

ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছিল, বিরোধীদের অধিকার খর্ব করা যাবে না। যাঁদের যা অধিকার তাঁরা তা পাবেন। সেই অধিকার সুনিশ্চিত করা হবে। এবিষয়ে শোভনদেব বলেন, "কথা বলা আর বাস্তবে প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে। দেখা যাক কী হয়।" এছাড়াও নতুন বিধায়কদের তিনি ক্লাস নেবেন বলেও জানান বিরোধী দলনেতা।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। বর্তমানে বিরোধী আসনে তৃণমূল কংগ্রেস। গত ১৫ বছর ধরে শাসকদল হিসেবে তৃণমূল বিধায়করা যে সব সুযোগ সুবিধা পেতেন তা এবার থেকে পাবেন বিজেপির বিধায়করা। তৃণমূল বিধায়কদের বসতে হবে বিরোধীদের আসনে। সেই কারণে বুধবার বিধায়কদের শপথগ্রহণের প্রথমদিনে বিধানসভায় উপস্থিত দলের বিধায়কদের সুবিধা অসুবিধার খোঁজ নিলেন শোভনদেব ও ফিরহাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement