১ জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। ৩ হাজার টাকা মাসিক ভাতা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের কী হবে? নারী ও শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পলের সাফ উত্তর, তাঁরা পাবেন না এই আর্থিক সাহায্য (তবে এখনই নয়, বিশ্লেষণ করা হবে)। কিন্তু যাঁরা ট্রাইব্যুনালে আপিল করেছেন তাঁদের কী হবে? এক্ষেত্রে মন্ত্রীর পরিষ্কার উত্তর, সেই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সাহায্য পাবেন। তিনি বলেন, "যাঁরা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তাঁদের নাম বাদ যাবে না।"
নতুন মন্ত্রিসভা গঠনের পর জানানো হয়েছিল, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাহায্য পেতেন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, যাঁরা মৃত তাঁরা পাবেন না। একটি বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মৃতদের ক্ষেত্রে বিষয়টি ন্যায্য হলেও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া অনেক মহিলা নিজেদের বৈধ্য ভোটার বলে দাবি করে ট্রাইব্যুনালে আপিল করেছেন। এ দিকে তাঁদের নাম ভোটার তালিকায় নেই। তাঁরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন না? ওঠে সেই প্রশ্ন।
আজ, বুধবার মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাঁদের নাম বাদ যাবে না। সেই মহিলা উপভোক্তারা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা মাসিক অনুদান পাবেন। তিনি বলেন, "যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নাম বাদ যাবে না।" পাশাপাশি যে মহিলারা সিএএ-তে আবেদন করেছেন তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অগ্নিমিত্রা।
পাশাপাশি এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়েও জানিয়েছেন মন্ত্রী। যোগ্য মহিলারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তিনি বলেন, "এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করা হত। এবার অনলাইনে আবেদন করা যাবে। পোর্টাল মারফত আবেদন করা যাবে। বিষয়টি খুব সহজ করা হবে যাতে সবাই আবেদন করতে পারবে।"
