shono
Advertisement
Kalyan Banerjee

কল্যাণকে সরাল এসএসসি, সওয়াল করবেন না আর কোনও মামলায়! নতুন দায়িত্বে কে?

এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।
Published By: Jaba SenPosted: 04:13 PM Jul 24, 2026Updated: 05:31 PM Jul 24, 2026

আইনজীবী বদলে ফেলল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। তিনি আর এসএসসির কোনও মামলায় সওয়াল করবেন না। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন আইনজীবী সুনীত রায়।

Advertisement

শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে আইনজীবী কল্যাণকে দায়িত্ব থেকে সরিয়ে দিল এসএসসি। এবার থেকে নতুন নিযুক্ত আইনজীবীরা এসএসসির সব মামলায় সওয়াল করবেন।

চলতি মাসে এসএসসি-র নতুন চেয়ারম্যান নিযুক্ত হন আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা। তিনিই এসএসসি আইনজীবী বদলের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন দুষ্মন্ত। পরে রাজ্যের মুখ্যসচিব করা হয় মনোজ আগরওয়ালকে। তারপর দুষ্মন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

এর আগে এসএসসির বহু মামলায় সওয়াল করেছেন কল্যাণ। তবে ভোটের পর থেকে তাঁকে আর এসএসসির কোনও মামলায় আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছিল না। এসএসসির বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। এর মধ্যে শুক্রবার কলকাতা হাই কোর্টে মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। এই মামলায় কল্যাণের বদলে সওয়াল করবেন ইন্দ্রনীল ও সুনীত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement