মুশকিল আসান কলকাতা হাই কোর্ট! অবশেষে আদালতের নির্দেশে প্রায় তিন বছর বাদে ঘরে ফিরছে ঘরছাড়া তিন নাবালিকা৷ এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। তিন বছর আগে বাবা মায়ের অত্যাচারে ঘর ছাড়া হয় তিন নাবালিকা। তিনজনই একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে তাদের এক প্রতিবেশী থানায় অভিযোগ করে, তিন বোনের উপর তাঁদের বাবা মা অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। তিন নাবালিকার ঠাঁই হয় সরকারি হোমে। পরে তাঁদের ফিরে পেতে হাই কোর্টের দ্বারস্থ হন বাবা মা।
রাজ্যের তরফে সরকারি কৌঁসুলি তীর্থঙ্কর দে জানান, বুধবার এই সংক্রান্ত মামলায় নাবালিকাদের তাঁদের বাড়ি ফেরানোর পাশাপাশি, বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহঃ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বাবা-মাকে সতর্ক করে জানিয়েছে, আর যেন মারধর না করা হয়। ফের যদি সন্তানদের অযত্ন হয়, তাদের উপর অত্যাচার করা হয়, তাহলে আদালত প্রয়োজনে কঠোর পদক্ষেপ করতে দ্বিধা করবে না। ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, এই তিন নাবালিকা বাবা-মায়ের কাছে কেমন রয়েছে, সেই পরিস্থিতির উপর নজর রাখবে একজন পরিদর্শক। তিনি প্রতি তিন মাস অন্তর শিশু অধিকার সুরক্ষা কমিটিকে রিপোর্ট দিয়ে জানাবেন। রিপোর্টের পরিপ্রেক্ষিতে কমিটির যদি মনে হয় কোনও পদক্ষেপ করা প্রয়োজন, তাহলে তারা তা করতে পারবে। নাবালিকাদের স্বার্থে আদালতের নির্দেশের অপেক্ষা করতে হবে না।
অন্যদিকে অভিযুক্ত বাবা-মায়ের হয়েছে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য। অভিযোগে তিনি বলেন, ওই ব্যক্তির সন্তান না-থাকায় তিনি ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। আদতে এমন কিছু হয়নি। হোমে থাকা তিন জনই রাজি হয়েছে, তারা আবার তাঁদের কাছে ফিরে যাবে। ফের স্কুলে ভর্তি হবে। কলকাতা হাই কোর্ট তিন জনের ইচ্ছেয় সম্মতি জানিয়েছে। এদিন ওই তিন ঘরছাড়া বোন বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছে।
