সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Attack)। মারধর, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেদার ডিম ছোড়া হয়েছে তাঁকে লক্ষ্য করে। যা বর্তমানে চর্চায়। হামলার প্রতিবাদে সোমে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। দলের তরফে ঘোষণা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ। আগামী ২ তারিখ পূর্বঘোষণা মতোই রানি রাসমণি রোডে অবস্থানে বিক্ষোভে বসবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের অনুমতি মিলেছে বলে জানালেন কুণাল।
দিনকয়েক আগেই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, গতকাল অর্থাৎ শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ও নিহতদের বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সূচি অনুযায়ী সোনারপুরে মৃত সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথেই তুমুল হেনস্তার মুখে পড়তে হয়েছিল অভিষেককে। ডিম, ইটের টুকরো ছোড়া হয়েছিল। ওঠে চোর স্লোগানও। কোনওক্রমে সেখান থেকে উদ্ধার করে তাঁকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। যদিও ২ টি হাসপাতালের কোথাওই তাঁকে ভরতি নেওয়া হয়নি। চোট গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। হামলার ঘটনার প্রতিবাদে রবিবার জেলায় জেলায় চলছে কর্মসূচি। একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবার দলের তরফে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রবিবার কালীঘাট থেকে কুণাল ঘোষ জানান, আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। আগেই জানা গিয়েছিল, ২ জুন রানি রাসমণি রোডে অবস্থান কর্মসূচিতে শামিল হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পুলিশের অনুমতি নিয়ে একটা সংশয় ছিল। এদিন জানা গিযেছে, অনুমতি মিলেছে, ধরনা হবে। কিন্তু আদৌ কি তৃণমূলের নেতাদের দেখা মিলবে, সেই প্রশ্ন উঠছেই। যদিও কুণাল ঘোষ জানিয়েছেন, এলাকার পরিস্থিতি বিবেচনা করে তবেই নেতারা কলকাতার কর্মসূচিতে আসবেন।
