shono
Advertisement

লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, আগামী ২৭ ফেব্রুয়ারি সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বৈঠকে কী আলোচনা হয়, সেদিকেই নজর সকলের।
Posted: 08:41 PM Feb 24, 2023Updated: 08:41 PM Feb 24, 2023

গৌতম ব্রহ্ম: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে সমস্ত দপ্তরের কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। আগামী ২৭ ফেব্রুয়ারি, সোমবার দুপুরের ওই বৈঠকে সমস্ত দপ্তরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সচিবালয়ে একাধিক বিষয়ে নানা অভিযোগ জমা পড়েছে। বৈঠকে প্রতিটি অভিযোগ সংক্রান্ত স্ট্যাটাস জানাতে হবে আধিকারিকদের। এছাড়া কোন প্রকল্পের কাজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও নেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দিক থেকে ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মার্চেই অর্থবর্ষের শেষ। তার আগে সমস্ত প্রকল্পের বরাদ্দ ঠিকমতো খরচ করতে না পারলে পরবর্তী ক্ষেত্রে রাজ্য আর্থিক সমস্যায় পড়তে পারে। তাই তার আগে সে বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর আধিকারিকদের কাছ থেকে নিতে পারেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথের মতো আমার ছবিও লোকে বাঁধিয়ে রাখে’, হৈমন্তীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে দাবি মদনের]

আবার বৈঠকের কারণ হিসাবে অসমর্থিত সূত্রে অন্য একটি তথ্যও পাওয়া গিয়েছে। কেউ কেউ মনে করছেন, ‘দিদির দূত’রা রাজ্যের প্রত্যন্ত এলাকাতে ইতিমধ্যেই ঘুরে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে নানা অভাব অভিযোগের কথা শুনে এসেছেন তাঁরা। বৈঠকে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়েও আলোচনা হতে পারে। যদিও বলে রাখা ভাল ‘দিদির দূত’ কর্মসূচি কোনও সরকারি প্রকল্প না। এটি তৃণমূলের দলভিত্তিক কর্মসূচি।

প্রশাসনিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক কাজকর্মের গতি আরও বাড়াতেই খোদ মুখ্যমন্ত্রী দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন। ইতিমধ্যেই প্রতিটি দপ্তরে বৈঠকের প্রস্তুতি তুঙ্গে। তোড়জোড় অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারির বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: ‘আপনার মতো ভগবান পাশে ছিল বলে…’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ‘অসহায়’ মা-মেয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement