বাড়ল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেড়েছে মহানগরের তাপমান। ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। দিনভর আকাশ মেঘলা থাকবে। এ দিকে আজ, রবিবার সন্ধ্যায় ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াই ভারতের। ইডেনের ম্যাচ কী ভেস্তে যাবে বৃষ্টিতে? সেই দিকে নজর সবার।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার থেকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশ বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হবে। তবে বিরাট কোনও পরিবর্তন হবে না। আজ, দিনভর মেঘলা আকাশ থাকবে কলকাতায়। তবে ক্রিকেট প্রেমীদের সুখবর দিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই! রবিবার, শহরের সবোর্চ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। সন্ধ্যা নাগাদ হালকা শীতের আমেজ পেতে পারেন শহরবাসী। অন্যদিকে জেলার শহরগুলিতেও তাপমাত্রা বাড়বে। পশ্চিমেজেলা থেকে গাঙ্গেয় বঙ্গেও তাপমাত্রার বৃদ্ধির হবে। আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে একাধিক অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বাকিজেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে।
