বৈশাখের প্রথম সপ্তাহেই বঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। আগামী কাল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। দক্ষিণবঙ্গে প্রচারে ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। তার মধ্যেই দুশ্চিন্তার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী তিনদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাঁসফাঁস অবস্থা। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে খবর।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলায় তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম ও অস্বস্তি আগামী কয়েক দিনে আরও বাড়বে বলে পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৮৮ শতাংশ। এদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। পরে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা।
রোদের তেজ বাড়বে। আজ ও কাল গরম ও অস্বস্তি বেশি হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকছে। পশ্চিমের দুই জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। ৪০ ডিগ্রি বা তার বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরম এবং অস্বস্তি চরমে উঠবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে।
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী রবি ও সোমবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ গরমে পুড়লেও উত্তরবঙ্গে দুর্যোগ এখনই পিছু ছাড়ছে না। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে।
