shono
Advertisement
Lalbazar

মামলা কোন অবস্থায়, কতজন বন্দি? ৩৬০টি পুরনো মামলার নজরদারিতে অ্যাপ লালবাজারের 

এর মধ্যে এমনও মামলা রয়েছে, যা রাজ্য পুলিশের আওতায় হলেও আদালতের নির্দেশে সেই মামলার দায়িত্ব এখন কলকাতা পুলিশের হাতে। আবার বেছে নেওয়া এই মামলাগুলির মধ্যে পার্ক স্ট্রিটের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে আগুন লেগে বিপুল সংখ্যক রোগীর মৃত্যুর ঘটনার মামলাও রয়েছে। আবার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেগুলির এখনও নিষ্পত্তি হয়নি।
Published By: Subhankar PatraPosted: 01:34 PM Jul 28, 2026Updated: 01:41 PM Jul 28, 2026

শুধু ধরপাকড় নয়। এবার পুরনো মামলার বিচারপর্বের দিকেও বিশেষ নজর লালবাজারের। তাই বিচারাধীন প্রায় ৩৬০টি পুরনো মামলা বেছে নিল পুলিশ। বিচারপর্বের উপর নজরদারির জন্য এবার 'ট্রায়াল মনিটরিং অ্যাপ' তৈরি করতে চলেছে লালবাজার। সম্প্রতি একটি বৈঠকে এই অ্যাপ নিয়ে আলোচনাও করেছেন পুলিশকর্তারা।

Advertisement

পুলিশের সূত্র জানিয়েছে, কোনও অপরাধের পর অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া রয়েছেই। কিন্তু তার সঙ্গে দোষীরা যাতে সাজা পায়, সেদিকে আরও বেশি করে নজর দেওয়া হচ্ছে। তার জন্যই লালবাজারের গোয়েন্দা বিভাগে তৈরি হয়েছে 'ট্রায়াল মনিটরিং সেল'। শাখা বেছে নিয়েছে ৩৬০টি পুরনো মামলা। এর মধ্যে এমনও মামলা রয়েছে, যা রাজ্য পুলিশের আওতায় হলেও আদালতের নির্দেশে সেই মামলার দায়িত্ব এখন কলকাতা পুলিশের হাতে। আবার বেছে নেওয়া এই মামলাগুলির মধ্যে পার্ক স্ট্রিটের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা। ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে আগুন লেগে বিপুল সংখ্যক রোগীর মৃত্যুর ঘটনার মামলাও রয়েছে। আবার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেগুলির এখনও নিষ্পত্তি হয়নি।

বিচারাধীন ওই মামলার মধ্যে অনেকগুলির ক্ষেত্রে তদন্তকারী আধিকারিক অবসরগ্রহণ করেছেন বা পালটে গিয়েছেন। এ ছাড়াও অনেক মামলায় সাক্ষ্যদানের ক্ষেত্রে রয়েছে সমস্যা। সাক্ষীরাও সময়মতো হাজিরা দিচ্ছেন না আদালতে। আবার অনেক মামলাই রয়েছে, যেখানে বিচারপর্ব শুরু হওয়ার আগে সব অভিযুক্ত একসঙ্গে আদালতে হাজিরা না দেওয়ায়, চার্জ গঠনই হচ্ছে না। বিভিন্ন কারণে বিলম্ব হচ্ছে বা ধীরে চলছে বহু মামলার বিচারপর্ব।

সেগুলিতে গতি নিয়ে আসার জন্যই লালবাজার তৈরি করেছে এই বিশেষ বিভাগ। ট্রায়াল মনিটরিং সেলের আধিকারিকরা তদন্তকারী আধিকারিক ও সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কেন মামলাগুলি ধীরে চলছে, তার পর্যালোচনা করছেন। একই সঙ্গে মামলাগুলিতে গতি আনার ব্যাপারে এবার একটি নতুন 'ট্রায়াল মনিটরিং অ্যাপ' তৈরির ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছেন লালবাজারের পুলিশকর্তারা।

লালবাজারের সূত্র জানিয়েছে, নতুন অ্যাপটিতে ওই বিচারাধীন মামলা সংক্রান্ত সব তথ্য থাকবে। এই অ্যাপ যেমন থানার পুলিশ আধিকারিক, তদন্তকারী আধিকারিক, ট্রায়াল মনিটরিং সেলের আধিকারিক, কলকাতা পুলিশের কর্তাদের মোবাইলে থাকবে, তেমনই থাকবে সরকারি আইনজীবী, আদালতের হাতেও। প্রত্যেকটি মামলা কী অবস্থায় রয়েছে, কতজন সাক্ষী সাক্ষ্যদান করেছে, কতজনের সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে, মামলায় কতজন অভিযুক্ত বন্দি রয়েছেন, কতজনই বা জামিনে বাইরে রয়েছেন, কোন মামলায় কতগুলি শুনানি হয়েছে, পরবর্তী তারিখ কবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাপ খুললেই পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement