ত্রিকোণ প্রেম। তারই জেরে বান্ধবীকে নিয়ে ওয়াটার পার্কে বেড়াতে গিয়েছিল নাবালক। কিন্তু তা সহ্য করতে পারেনি অন্য প্রেমিক। একটি দোকানে গিয়ে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালাল সেই প্রেমিক। বুধবার মধ্য কলকাতার নিউ মার্কেটে ঘটেছে এই ঘটনাটি।
পুলিশ জানিয়েছে, ওই নাবালক দীপক গুপ্তা নিউ মার্কেটেরই উমা দাস লেনের বাসিন্দা ছিল। তার থেকে অনেকটাই বয়সে বড় শশী তেবর থাকে নিউ মার্কেটেরই অমিয় হাজরা লেনে। এদিন সকালে অমিয় হাজরা লেনের একটি দোকানে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে রয়েছে, এমন খবর পুলিশের কাছে আসে। পুলিশ ওই দোকান থেকে নাবালককে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অপারেশন শুরু হয়। জানা যায়, ছুরি দিয়ে তার গলা কেটে ফেলেছে দুষ্কৃতী। তাকে কোপানও হয়েছে। চিকিৎসা চলাকালীন দুপুরে ওই নাবালকের মৃত্যু হয়।
পুলিশ এর তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত শশীর সঙ্গে নিউ মার্কেট এলাকারই বাসিন্দা এক তরুণীর সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল। তাঁর সঙ্গে ক্রমে বন্ধুত্ব হয় ওই নাবালকের। তা জানতে পেরে তাকে হুমকিও দিত ওই অভিযুক্ত। মঙ্গলবার ওই নাবালক তরুণীকে নিয়ে ওয়াটার পার্কে ঘুরতে যায়। সেই ছবিও সে সোশাল মিডিয়ায় দেয়। তার পরই অবস্থা চরমে ওঠে। নাবালকের সঙ্গে শশীর গোলমাল হয়। তারই জেরে এদিন সকালে নাবালকের মুদির দোকানের ভিতরে ঢুকে শশী নাবালককে কোপায় ও তার গলা কেটে দেয়। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
