Advertisement
সংসারী হলেও মা হতে চাইছেন না তরুণীরা, নেপথ্যে কোন ভীতি?
আধুনিক কর্মরত তরুণীরা এখন আর সংসারের ঘেরাটোপে নিজেদের বাঁধতে চান না।
অতীতে একসময় পড়াশোনা করার সুযোগও পেতেন না মহিলারা। বিয়ে, সংসার, সন্তানপালনই ছিল তাঁদের জীবন। তবে সময় যত যাচ্ছে ততই পালটেছে সমাজব্যবস্থা। বর্তমানে মেয়েরাও এগিয়েছে অনেকটা। পুরুষের সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছেন তাঁরা। বর্তমানে বেশিরভাগ তরুণীই কর্মরত। তাঁরা বাঁচেন নিজের শর্তে।
আধুনিক কর্মরত তরুণীরা এখন আর সংসারের ঘেরাটোপে নিজেদের বাঁধতে চান না। বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানের প্রতি ক্রমশ বাড়ছে অনীহা। আর যদি বা কেউ বিয়ে, সংসার করেন তো এইটুকুই। সন্তান চাইছেন না বেশিরভাগ তরুণী। তাঁদের কাছে সন্তান মানেই বাড়তি দায়িত্ব। বরং তার পরিবর্তে 'পেট প্যারেন্টস' অর্থাৎ কোনও সারমেয়র লালন পালন করার প্রবণতা বেশি।
কিন্তু কেন সন্তানপালনে অনীহা? এর নেপথ্য কারণ একটি নয় বরং একাধিক। প্রথম কেরিয়ারে ব্যাঘাত ঘটার আশঙ্কা। নিজের পায়ে দাঁড়াতে প্রত্যেক তরুণীকেই কাঠখড় পোহাতে হয়। বহু তরুণীই ভাবেন সন্তান জন্মের পর চাকরি ছাড়তে হতে পারে। তার ফলে কেরিয়ারের জন্য এত পরিশ্রম বিফলে যাবে। এই আশঙ্কায় মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হন বহু তরুণী।
সন্তান জন্মের আগে এবং পরে শারীরিক নানা পরিবর্তন হয়। আগের মতো চেহারা আর থাকে না। সেকথা ভেবে বহু মহিলাই আর চান না মা হতে। আবার সন্তান জন্মের সময় শারীরিক কষ্টের আতঙ্কেও কেউ কেউ পিঠটান দেন।
কেউ কেউ ভাবেন সন্তান হল পায়ের বেড়ির সমান। সন্তানের ফলে নিজের মতো করে আর বাঁচা সম্ভব হবে না। যখন ইচ্ছে হল বেড়াতে যাওয়া কিংবা সিনেমা দেখতে যাওয়া হবে না। খুদের নিয়মে নিজের জীবন সাজাতে হবে। তার ফলে স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। সে কারণেও অনেকেই আর মা হতে চান না।
আবার বর্তমান যুগে সন্তান লালনপালনের খরচ অনেক বেশি। কেউ কেউ স্রেফ খরচের কথা ভেবে মা হতে চাইছেন না। হয়তো অনেকেই চান মা হতে। কিন্তু আর্থিক স্বচ্ছলতার অভাবে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তা থেকে বহু দাম্পত্য সম্পর্ক ভাঙনের কিনারাতেও পৌঁছয়।
এখন যৌথ পরিবার আর নেই বললেই চলে। স্বামী-স্ত্রী আর একটিমাত্র সন্তানই পরিবার। আবার স্বামী-স্ত্রী দু'জনেই কর্মরত। এই পরিস্থিতিতে খুদেকে সামলানোর জন্য পরিচারিকা রাখা ছাড়া গতি নেই। একটি দুধের শিশুকে একা পরিচারিকার দায়িত্বে রেখে যেতে হবে ভাবলেই যেন বুক শুকিয়ে আসে বহু তরুণীর। স্রেফ এই ভাবনাচিন্তা থেকে বহু তরুণী মা হতে চান না।
বিশ্বের অনেক উন্নত দেশের মতো এখন আমাদের সমাজেও জন্মহার কমছে। একসময় একাধিক সন্তানে বিশ্বাসী ছিলেন বেশিরভাগ দম্পতি। বর্তমানে একটির বেশি সন্তান চাইছেন না কেউ।
Published By: Sayani SenPosted: 11:45 PM May 20, 2026Updated: 11:45 PM May 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
